সমঝোতা স্মারকে সইয়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনের বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সইবিষয়ক প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ মঙ্গলবার থেকে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, ইতিমধ্যে ভারত সরকার সমঝোতা স্মারকটি অনুমোদন দিয়েছে। নারী ও শিশু পাচার রোধে স্মারকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, বাংলাদেশ থেকে বিশেষ করে নারী ও শিশুরা বিভিন্ন দেশে পাচার হয়; সবচেয়ে বেশি পাচার হয় ভারতে। ভারত থেকেও পাচার হয়ে বাংলাদেশে আসে। তিনি বলেন, এ বিষয়ে উভয় দেশই সচেতন। বর্তমানে কিছু কার্যক্রম চলছে, যেমন দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট আছে। দুই দেশের মধ্যে একটি টাস্কফোর্সও পাচার ঠেকাতে কাজ করছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সমঝোতা স্মারকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু গণ্য করা হবে। পাচারকারীদের বিরুদ্ধে যার যার দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার বন্ধে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতা নেওয়া হবে। এ সমঝোতার আওতায় মানব পাচার বন্ধে দুই দেশের মধ্যে তথ্য বিনিময় করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাচারের শিকার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া, গোপনীয়তা রক্ষা করা, নিজ নিজ দেশের আইন অনুযায়ী কম সময়ে দেশে ফেরানো এবং সমাজে পুনর্বাসনের চেষ্টা করাই এ সমঝোতার উদ্দেশ্য।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১৫ হাজার মানুষ পাচার হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। মানব পাচার প্রতিরোধে ২০১২ সালে বাংলাদেশ সরকার একটি আইন করে, যাতে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড।

বৈঠকে রেলওয়ে পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর দায়িত্ব সমন্বয় করে ‘রেল নিরাপত্তা বাহিনী’ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এ পরিপ্রেক্ষিতে রেলওয়ে নিরাপত্তা আইন, ২০১৪-এর খসড়ার মতামত (ভেটিং) সাপেক্ষে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল) আইন, ২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে বলেন, সামরিক শাসনামলের ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ ১৯৭৬’ আইনে পরিণত করার জন্যই এ উদ্যোগ। রেলওয়ের দুটি বাহিনীর মধ্যে জিআরপি বা রেল পুলিশের কাজ হলো যাত্রীদের নিরাপত্তা দেওয়া। আর রেল নিরাপত্তা বাহিনীর কাজ রেলের সম্পত্তি ও মালামাল রক্ষা করা। রেল পুলিশ মূলত আসে পুলিশ বাহিনী থেকে। আর রেল নিরাপত্তা বাহিনী রেলওয়ের নিজস্ব বাহিনী। রেল নিরাপত্তা বাহিনীসংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করেই নতুন এ আইন হচ্ছে।