সমঝোতায় কাজ, এক মাসেই ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের ভদ্রা মোড় এলাকার ছবি গতকাল তোলা। এক মাস আগে এ সড়কে সংস্কারকাজ করা হয় l প্রথম আলো
রাজশাহী নগরের ভদ্রা মোড় এলাকার ছবি গতকাল তোলা। এক মাস আগে এ সড়কে সংস্কারকাজ করা হয় l প্রথম আলো

রাজশাহী সিটি করপোরেশনের সংস্কার করা রাস্তার কার্পেটিং এক মাসের মধ্যেই উঠে যাচ্ছে। অভিযোগ রয়েছে, সমঝোতার মাধ্যমে কাজ নিয়ে গত জুলাই মাসের শেষের দিকে রাজশাহী সিটি করপোরেশনের ১৭ কাউন্সিলর এই কাজ করেন। নিম্নমানের কাজ হওয়ার কারণে সে সময় একজন কাউন্সিলর তাঁর ওয়ার্ডে এই কাজ বন্ধ করেও দেন।
আরও অভিযোগ উঠেছে, শুধুই বিল করার জন্য তালাইমারী-রেলগেট সড়কে ভালো রাস্তার ওপরে নিম্নমানের কার্পেটিং করা হয়। যে কারণে নতুন কার্পেটিং এখনই উঠে যাচ্ছে।
সিটি করোরেশন থেকে জানা গেছে, নগরের রেলগেট থেকে তালাইমারী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। সমঝোতার মাধ্যমে তিন কোটি ৭০ লাখ টাকার এই কাজ ‘বর্ষণ এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এর স্বত্বাধিকারী হচ্ছেন রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা বিএনপির নেতা শফিকুল ইসলাম শাফিক। সমঝোতা অনুযায়ী তাঁর কাছ থেকে এই কাজ ভাগ-বাঁটোয়ারা করে শেষ করেছেন সিটি করপোরেশনের ১৭ জন কাউন্সিলর।
অভিযোগ রয়েছে, তালাইমারী থেকে রেলগেট পর্যন্ত কাজের দরপত্র আহ্বান করা হয়। কিন্তু গত ঈদের আগে শুধু তালাইমারীর মোড় থেকে ভদ্রা মোড় হয়ে শুভ পেট্রলপাম্প পর্যন্ত রাস্তায় কার্পেটিং করা হয়। শুভ পেট্রলপাম্প থেকে রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাজ বাকি থাকে। সেই বরাদ্দ দিয়ে নগরের বিভিন্ন ওয়ার্ডের খানাখন্দ মেরামতের কাজ করা হয়। তবে এই এক মাসের মধ্যে তালাইমারী-রেলগেট সড়কের কার্পেটিং উঠে যেতে শুরু করেছে।
নগরের যে কয়েকটি ওয়ার্ডে কাজ হয়, সেগুলোতে নিম্নমানের ইট ব্যবহার করা হয়। অতিমাত্রায় নিম্নমানের কাজ করার কারণে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান গত ২৬ জুলাই সকালে তাঁর এলাকার কাজ বন্ধ করে দেন।
এই কাজের সঙ্গে যুক্ত নন, এমন একজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কোনো ধরনের ব্রাশ না করেই নিম্নমানের ইট দিয়ে কাজ করে সঙ্গে সঙ্গে কার্পেটিং করা হয়েছে। ডব্লিউবিএম করার পর কিছুদিন ফেলে রাখলে জায়গাটা কমপ্যাক্ট হতো। কিন্তু সঙ্গে সঙ্গেই কার্পেটিং করে ফেলা হয়।’ তিনি বলেন, ‘এটা পুকুর চুরি নয়, পুকুর ডাকাতি।’
৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম রাশেদুল হাসান তালাইমারী থেকে রেলগেট রাস্তা সংস্কারের সময় দাঁড়িয়ে থেকে তদারকি করেন। ওই সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘কে কাজ করছে এগুলো বলে লাভ নেই। আপনারা যা পারেন, করেন—কোনো অসুবিধা নাই।’
মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও বর্ষণ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলা যায়নি।
তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক রাস্তার কার্পেটিং উঠে যাওয়ার ব্যাপারে বলেন, ওই ঠিকাদারের কাজ শেষে হয়নি। তাঁর বিলও পরিশোধ করা হয়নি। তাঁরাই আবার ওই রাস্তা ঠিক করে দেবে। বৃষ্টির কারণে এখন পরিবেশ পাচ্ছেন না। তিনি বলেন, আগের রাস্তার ওপর কার্পেটিং করার কারণে এমনটি হয়েছে। আগের রাস্তা কোথাও উঁচু, কোথাও নিচু ছিল। এ জন্যই উঠে যাচ্ছে।
আর কাজ ভাগ-বাঁটোয়ারা করার ব্যাপারে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমেই বর্ষণ এন্টারপ্রাইজ কাজ পেয়েছে। তিনি কাজের মানও বুঝে নিচ্ছেন। এখন যদি বর্ষণ এন্টারপ্রাইজ কাউন্সিলরদের দিয়ে কাজ করায় তাহলে আইনের দৃষ্টিতে তাঁদের কিছু বলার নেই। তবে তালাইমারী সড়কের ভালো রাস্তার ওপরে কার্পেটিং করার বিষয়টি তিনি অস্বীকার করেন।