সমঝোতার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারে ওঠার মুখে দুর্ঘটনাটি ঘটে। ছবি: গুগল স্ট্রিট ভিউ থেকে নেওয়া
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারে ওঠার মুখে দুর্ঘটনাটি ঘটে। ছবি: গুগল স্ট্রিট ভিউ থেকে নেওয়া
>

• সাংসদের স্ত্রীর গাড়িচাপায় মৃত্যু
• চালক এখনো শনাক্ত হননি
• ব্যাংকে স্থায়ী আমানত ও ভরণপোষণ দেওয়ার বিনিময়ে সমঝোতা।

মহাখালীতে পথচারীকে মেরে পালিয়ে যাওয়ার সময় সাংসদের গাড়িটি কে চালাচ্ছিলেন, তা শনাক্তের প্রক্রিয়া শেষ পর্যায়ে বলে জানিয়েছে পুলিশ। এদিকে একাধিক সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবার গাড়ির মালিকপক্ষের সঙ্গে সমঝোতায় এসেছে। নিহত ব্যক্তির পরিবারের ভরণপোষণ দিতে রাজি হয়েছেন সাংসদ।

গত মঙ্গলবার রাতে ঈদ-পরবর্তী ফাঁকা রাস্তায় সেলিম বেপারি (৪৫) নামের এক পথচারীকে মেরে পালিয়ে গিয়েছিল নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর স্ত্রীর মালিকানাধীন গাড়িটি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী অন্তত দুজন বলেছেন, সাংসদের ছেলে শাবাব চৌধুরীই গাড়িটি চালাচ্ছিলেন। অভিযুক্ত শাবাব ওই প্রত্যক্ষদর্শীদের মারধরও করেন বলে অভিযোগ আছে। আর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনের একজন নিরাপত্তাকর্মীও বলেছেন, সাংসদের ছেলে তাঁর বিলাসবহুল অডি জিপ গাড়িটি দুমড়ে যাওয়া অবস্থায় চালিয়ে মঙ্গলবার রাতে ন্যাম ভবনে ঢোকেন।

তবে গাড়িটির মালিক সাংসদের স্ত্রী কামরুন্নাহার শিউলী গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় তাঁর ছেলে গাড়িতেই ছিলেন না। গাড়িতে চালক একাই ছিলেন, তিনিই এ দুর্ঘটনা ঘটিয়েছেন।

পুলিশের একটি সূত্র বলেছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে শুরু থেকেই সমঝোতার চেষ্টা চালিয়েছে সাংসদের লোকজন। পরিবারটি সমঝোতা করতে রাজি হয়েছে বলেও শোনা যাচ্ছে। এখন ক্ষতিপূরণের টাকার অঙ্ক নিয়ে দেন-দরবার চলছে। নিহত সেলিমের পরিবারকে ২০ লাখ টাকার মতো ফিক্সড ডিপোজিট করে দেওয়ার কথা শোনা যাচ্ছে। এ ছাড়া নিহত ব্যক্তির পরিবারকে ভরণপোষণ দেওয়ার কথাও বলেছে গাড়ির মালিকপক্ষ। নিহত গাড়িচালক সেলিম বেপারি যাঁর গাড়ি চালাতেন, সেই মালিকপক্ষসহ নিহত ব্যক্তির স্বজনেরাও আলাপ-আলোচনা চালাচ্ছেন।

নিহত সেলিম বেপারি নাওয়ার প্রপার্টিজ নামের একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন খানের গাড়ি চালাতেন। গতকাল যোগাযোগ করা হলে ইমরান হোসেন খান প্রথম আলোকে বলেন, গাড়িটি কে চালাচ্ছিলেন, সেটা পুলিশের তদন্তের বিষয়। গাড়ির মালিক সাংসদ একরাম চৌধুরীর সঙ্গে গত বৃহস্পতিবার রাতে এ নিয়ে আলোচনা হয়েছে। সাংসদ স্বীকার করেছেন যে দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি তাঁর, তবে তিনি বলেছেন সেটি সে সময় তাঁর চালক চালাচ্ছিলেন। সাংসদ নিহত সেলিমের পরিবারের জন্য সহানুভূতিশীল এবং এ বিষয়ে খুবই আন্তরিক। নিহত সেলিমের স্ত্রী ও পরিবারের আজীবনের ভরণপোষণ দিতে চেয়েছেন তিনি। এ ছাড়া তিনি অ্যাকাউন্ট খুলতে বলেছেন, যাতে একটা বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট জমা রাখা থাকবে সেলিমের সন্তানদের জন্য।

তবে এ বিষয়ে সাংসদের পরিবারের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ বলেন, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্ত হয়েছে। গাড়িটি কে চালিয়েছেন, সেটি শনাক্তের প্রক্রিয়াও শেষ পর্যায়ে।

সমঝোতার চেষ্টা চলছে এমন কথার পরিপ্রেক্ষিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ধরনের ধর্তব্য অপরাধের ক্ষেত্রে আইনত সমঝোতার কোনো সুযোগ নেই। পুলিশের তদন্ত অব্যাহত থাকবে।

এদিকে গতকাল রাজধানীর গুলশানের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি তদন্তাধীন। এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কে গাড়ি চালাচ্ছিলেন। তদন্তের পরই সবকিছু জানা যাবে। তবে এটুকু বলা যায়, কেউ আইনের ঊর্ধ্বে নন, তিনি যদি এমপিপুত্রও হন।