সমবায় সমিতির এমডিসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
পটুয়াখালীর গলাচিপায় একটি সমবায় সমিতি অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সমিতির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গলাচিপা পৌরসভার সাগরদি রোডের বাসিন্দা ও সমিতির সদস্য মো. খোকন গত বুধবার গলাচিপা থানায় সমিতির এমডি ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), পরিচালক, শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপকসহ ২০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। পুলিশ সমিতির গলাচিপা শাখার সহকারী ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে।
ওই সমবায় সমিতির নাম রুর্যারল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আরডিপি)। মো. খোকন বলেন, অধিক মুনাফার লোভ দেখিয়ে আরডিপির স্থানীয় শাখার ও কেন্দ্রীয় (নারায়ণগঞ্জ) কর্মকর্তারা দীর্ঘদিন ধরে গলাচিপার প্রায় চার হাজার সদস্যের কাছ থেকে দৈনিক সঞ্চয়, ডিপিএস, মাসিক সঞ্চয়, মেয়াদি আমানতসহ ১৩টি প্রকল্পের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন। তিনি বলেন, ২০১৩ সাল থেকে তিনি (খোকন) ও তাঁর পরিবারের সদস্যদের নামে কয়েকটি প্রকল্পে ৯৬ হাজার ৩২০ টাকা সমিতিতে জমা রাখেন। ৫ মে তিনি সংস্থাটির গলাচিপা কার্যালয়ে গিয়ে তাঁদের জমা টাকা তুলতে চাইলে সংস্থার সহকারী শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম তা ফেরত দিতে অপারগতা প্রকাশ করেন। সদস্যদের জমানো কয়েক কোটি টাকা আত্মসাৎ করে সমিতির কর্মকর্তারা নিজেদের নামে কুয়াকাটাসহ দেশের বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনেছেন বলে খোকন পরে জানতে পারেন।
আরডিপির সদস্য গলাচিপা সদর রোডের ব্যবসায়ী আবদুল কাইয়ূম ও টিঅ্যান্ডটি রোডের ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা বলেন, আরডিপি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ছয় কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে। তিন মাস ধরে আরডিপি তাদের গলাচিপা শাখা কার্যালয়টি কার্যত বন্ধই রাখছে। মাঝেমধ্যে দু-একজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের তালা খুললেও তড়িঘড়ি করে আবার তালাবদ্ধ করে চলে যান।
সম্প্রতি আরডিপির গলাচিপা শাখার সহকারী ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে ২০০৭ সালে আরডিপির কার্যক্রম শুরু হয়। আর গলাচিপা শাখার কার্যক্রম শুরু হয় ২০১১ সালে।
পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা শাহাবুদ্দিন বিশ্বাস বলেন, সমবায় সমিতি (সংশোধন) আইন ২০১৩ অনুযায়ী, সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত কোনো সমবায় সমিতি শাখা কার্যালয় করতে পারে না। ওই ধরনের কোনো সমিতি কারও কাছ থেকে স্থায়ী আমানতও নিতে পারে না। এ বিষয়ে আরডিপিকে কয়েকবার সতর্কও করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, আরডিপির সিইও এম ইব্রাহীম খলিল, সভাপতি আ. রাজ্জাক, ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুব হোসেনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্যতম আসামি সহকারী শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল ইলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৫ মার্চ প্রথম আলোয় ‘শঙ্কায় চার হাজার গ্রাহক/আমানত ফেরত দিচ্ছে না বেসরকারি সংস্থা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।