সমবায় কার্যালয়ের কর্মকর্তাকে মারধর
সিলেটের বালাগঞ্জে একটি সমিতির সভাপতির বিরুদ্ধে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সমিতিটির সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের শুনানিকালে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তির নাম আতাউর রহমান। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় বালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা বলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য জিয়া উদ্দিন ‘মনোহরপুর-বাবরকপুর সমবায় সমিতি’র সভাপতি। গতকাল বেলা তিনটার দিকে সমবায় কার্যালয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের শুনানি চলছিল। এ সময় তিনি কার্যালয়ের সহকারী পরিদর্শক আতাউর রহমানের ওপর চড়াও হন। সবার সামনে কলার চেপে ধরে তিনি আতাউরকে কিল-ঘুষি মারেন। পরে একটি কাঠের টুকরা দিয়ে আঘাত করে কপাল ফাটিয়ে পালিয়ে যান।
আতাউর বলেন, ‘আমি ওই অভিযোগের তদন্ত করেছি। তদন্তকালে জিয়া উদ্দিন “তোর কপালে দুঃখ আছে” বলে হুমকি দেন। অভিযোগের শুনানি চলাকালে তিনি আমাকে মারধর করে কপাল ফাটিয়ে রক্ত ঝরালেন। উপজেলা কর্মকর্তার পরামর্শে এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি।’
মুঠোফোনে জিয়া উদ্দিন বলেন, ‘আসলে আমি খুবই অনুতপ্ত। অফিসের ভেতরে আমার এমন আচরণ করা ঠিক হয়নি।’ এ কথা বলে আবার জিয়া উদ্দিন দাবি করেন, ‘আতাউর উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমিতির সদস্যদের উসকানি দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। আমার অফিসের ফাইলপত্র তিনি লুকিয়ে রেখেছেন। তদন্তকালে তিনি আমার সাথে খারাপ আচরণ করায় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’