সমবায় সমিতির কোটি টাকা আত্মসাৎ!
জালিয়াতির মাধ্যমে সমবায় সমিতির সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমিতির চেয়ারম্যান ও জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে বলে জানালেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন- বগুড়ার জেলা সমবায় কর্মকর্তা (বর্তমানে পাবনা জেলা সমবায় কর্মকর্তা) মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বগুড়া কেন্দ্রীয় সমবার শিল্প সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমবায় সমিতি লিমিটেড থেকে ১ কোটি ২৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। আসামিরা ওই টাকা তুলে সমিতির কাজে ব্যবহার না করে আত্মসাৎ করেন বলে অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়া গেছে।
দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নূর হোসেন খান অভিযোগটি অনুসন্ধান করে মামলার সুপারিশ করেন। কমিশন দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটির অনুমোদন দেয়। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা মামলাটি করবেন বলে দুদক সূত্র জানিয়েছে।