বরিশাল ব্রজমোহন কলেজের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ক্ষেত্রভেদে একেকজন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত দেড় হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ২ হাজার ৭০০ টাকার পরিবর্তে ৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে সরেজমিন প্রতিবেদন (ফিল্ডওয়ার্ক) জমা না দেওয়ার কারণে এক হাজার এবং টেস্ট পরীক্ষা না দেওয়ায় অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ টাকা নিচ্ছে কর্তৃপক্ষ।
কয়েকজন শিক্ষার্থী বলেন, অতিরিক্ত টাকা দিলেও যেসব শিক্ষার্থী ফিল্ডওয়ার্ক প্রতিবেদন জমা দেননি, তাঁদের প্রতিবেদনও জমা দিতে হবে। যদি প্রতিবেদন দিতেই হয়, তাহলে অতিরিক্ত টাকা নেওয়া কেন?
এক শিক্ষার্থী বলেন, ‘আমি ফিল্ডওয়ার্ক করেছি। কিন্তু যারা ফিল্ডওয়ার্ক করেনি, তাদের কাছ থেকে অতিরিক্ত এক হাজার টাকা নেওয়া হচ্ছে। তবে তাদের ফিল্ডওয়ার্কও করতে হবে।’
জানতে চাইলে সমাজকল্যাণ বিভাগের প্রধান মোহাম্মদ বন্দেআলী হাওলাদার বলেন, ফিল্ডওয়ার্কে ১০০ নম্বর। তাই ওই প্রতিবেদন জমা দিতেই হবে। যে প্রতিষ্ঠানে ফিল্ডওয়ার্কে পাঠানো হয়, সেই প্রতিষ্ঠানকে কিছু টাকা দিতে হয়। সে জন্য কিছু টাকা নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীর কাছ থেকে এই টাকা নেওয়া হয় না।
ফরম পূরণ কমিটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম বলেন, অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে—এ তথ্য ঠিক নয়। ফিল্ডওয়ার্ক বাবদ ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এর বাইরে যাঁদের আইসিটি বিষয় আছে, তাঁদের ফি বাবদ অতিরিক্ত ৭০০ টাকা দিতে হচ্ছে।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার বাইরে কোনো টাকা আদায় করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ সূত্রে জানা যায়, ৫৪৯ জন শিক্ষার্থী স্নাতকোত্তর শেষ বর্ষে ফরম পূরণ করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফরম পূরণ বাবদ ২ হাজার ৭১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধার্য করা ৩ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। ব্যবস্থাপনা বিভাগে নেওয়া হচ্ছে ২ হাজার ৭১০ টাকা। আইসিটি থাকলে তাঁদের নেওয়া হচ্ছে ৩ হাজার ৪১০ টাকা। আরবি ও ইসলামি শিক্ষা বিভাগে নেওয়া হচ্ছে ২ হাজার ৯০০ টাকা এবং ইতিহাস বিভাগে নেওয়া হচ্ছে ২ হাজার ৮০০ টাকা।
ব্রজমোহন কলেজের এক অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রত্যেক বছর সমাজকল্যাণ বিভাগ নিয়ে প্রশ্ন ওঠে। তারা অতিরিক্ত ফি আদায় করছে।