সমানে চলছে অবৈধ অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার, সকাল সাড়ে আটটা। বনানীর কাকলী মোড়। কয়েকজন দাঁড়িয়ে আছেন। একটি সিএনজি অটোরিকশা ঘুরে আসামাত্রই ভিমরুলের চাকের মতো ঘিরে ধরে তাতে ওঠার আপ্রাণ প্রচেষ্টা মানুষের। পেছনে তিনজন, সামনে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ছুটল গুলশান ২ নম্বরের দিকে। আবার বেলা সাড়ে ১১টার দিকে উল্টো চিত্র। অটোরিকশাগুলো যাত্রীর আশায় এলোমেলো দাঁড়িয়ে থাকে, যানজট বাড়ায়। এই অটোরিকশাগুলোর বেশির ভাগরেই ঢাকা মহানগরে ভাড়ায় চলার অনুমোদন নেই। কোনোটি ব্যক্তিগত হিসেবে নিবন্ধিত। আবার কোনোটি গাজীপুর বা নারায়ণগঞ্জে নিবন্ধিত।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরে নিরাপত্তার কারণ দেখিয়ে গুলশান ও বনানী এলাকায় বাস চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এরপর থেকেই এক বছর ধরে গুলশানের বিভিন্ন সড়কে চলছে প্রচুর অবৈধ অটোরিকশা। পুলিশ বলছে, জনগণের চলাচলের স্বার্থে সাময়িকভাবে এ অটোরিকশাগুলোকে চলতে দেওয়া হচ্ছে। আর অটোরিকশাচালকেরা বলছেন, এ জন্য তারা পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে আসছে।
একটি সাহায্য সংস্থার কর্মী নওশিন আফরোজ বলেন, ব্যস্ত সময়ে শেয়ারের অটোরিকশাগুলোতে নারীদের ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আবার রিকশাও পর্যাপ্ত নেই। ঢাকা চাকা বাসও অপ্রতুল। সপ্তাহের পাঁচ দিন অফিস, এর মধ্যে তিন দিনই তিনি হেঁটেই চলে যান। তিনি বলেন, এই এলাকার অফিসগুলোতে প্রচুর নারী কাজ করেন। তাঁদের সবাই একই রকম ভোগান্তির শিকার হচ্ছেন।
নওশিনের সহকর্মী মুর্শেদুল ইসলাম বলেন, আগে মিরপুর থেকে সরাসরি বাসেই গুলশান যাওয়া যেত, এ ছাড়া গুলশানের ভেতরে ৬ নম্বর বাস ও কিছু হিউম্যান হলারও চলত। এগুলোর ভাড়াও কম ছিল। এখন অটোরিকশাগুলো বনানী থেকে গুলশান ২ নম্বরে যেতেই ২০ টাকা ভাড়া নেয়। তাও ভালো এগুলো চলছে, তা না হলে হেঁটেই যাওয়া লাগত।
আলাপ হয় একজন অটোরিকশাচালকের সঙ্গে। মো. সুমন নামের এই তরুণ বলেন, তাঁর গাড়িটি ব্যক্তিগত হিসেবে নিবন্ধিত। সকাল-সন্ধ্যা গাড়ি চালিয়ে তিনি এক থেকে দেড় হাজার টাকা আয় করতে পারেন। মালিকের জমা সাত শ টাকা। আবার মালিকের সঙ্গে পুলিশের ‘মানতি’ করা রয়েছে। প্রতি গাড়ির জন্য পুলিশকে দিতে হয় মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) প্রবীর কুমার রায় বলেন, অবৈধ যান যেন না চলতে পারে সে জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে। এখানে ঢাকা চাকা বাস চলছে। কিন্তু তবু জনগণের যে ভোগান্তি, সেটি বিবেচনা করে এ পথে ছোট কোনো বাহন চালানো যায় কি না, সে চিন্তা করা হচ্ছে। কিন্তু সেটা কোনোভাবেই অবৈধ বাহন নয়।