সমাবেশগামী ট্রাকে ককটেল বিস্ফোরণ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে যাওয়া নেতা-কর্মীদের বহন করা একটি ট্রাক লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। ট্রাকে করে ওই নেতা-কর্মীরা দোহারের নবাবগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাচ্ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন মো. হাসান, মিলন, জাভেদ, আসলাম ও আবদুল লতিফ। তাঁরা সবাই ট্রাকে ছিলেন।

ট্রাকে থাকা নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ জানান, নবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের কর্মীরা একটি ট্রাকে করে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে ট্রাকটি কেন্দ্রীয় শহীদ মিনার পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পাঁচ থেকে ছয়টি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেলগুলো ট্রাকের গায়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলেও বিস্ফোরণে ওই পাঁচজন আহত হন। ট্রাকে থাকা কর্মীদের মধ্যে ককটেলগুলো পড়লে আরও বড় ধরনের ক্ষতি হতো।

এ ছাড়া আজিমপুর, তাঁতীবাজার ও বংশালে পৃথক তিনটি ককটেল বিস্ফোরণে দুই নারীসহ আরও সাতজন আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।