সমাবেশে যাওয়ার সময় ছাত্রদলের ১০ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ফটকের সামনে থেকে গতকাল শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ১০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে সেখানে গিয়েছিলেন।
ছাত্রদল ঢাকা জেলা কমিটি জাতীয় প্রেসক্লাবের হলরুমে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে যাওয়ার সময় প্রেসক্লাবের ফটকের সামনে থেকে ওই ১০ জনকে আটক করা হয়। আটক কর্মীরা হলেন মো. জসিম, রাজেন, মো. হোসেন, রঞ্জিত সরকার, মোর্শেদ, বিপ্লব ঘোষ, রাসেল, আলমাস, ফিরোজ ও খোকন। তাঁরা কেরানীগঞ্জ দক্ষিণ থানা শাখা ছাত্রদলের কর্মী। আটক করার পর তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল আটক ১০ জনের বিরুদ্ধে এলাকার থানায় মামলা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। যাচাই-বাছাই করে তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’
এদিকে প্রেসক্লাবে আয়োজিত ওই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। তাই আমাদের সামনে সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নেই।’