সমাবেশে যোগ দিতে আপত্তি, রাতভর তালাবদ্ধ ১২ জন!
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ জন ছাত্রীকে রাতভর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। একই কারণে মধ্যরাতে চার ছাত্রীকে নিজেদের কক্ষ থেকে বের করে দিয়ে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। হল শাখার সাধারণ সম্পাদক মারুফা নাবিলা ও তাঁর অনুসারীরা এ ঘটনা ঘটান। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ওই কক্ষগুলোর তালা খুলে দেওয়া হয়।
ভুক্তভোগী এক ছাত্রী জানান, সোহ্রাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে অংশ নিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হলের সব ছাত্রীকে ‘নির্দেশনা’ দেন নাবিলা। তা না হলে হল থেকে বের করে দেওয়ার হুমকিও দেন। ক্লাস-পরীক্ষা থাকায় ১৫-১৬ জন ছাত্রী সমাবেশে উপস্থিত থাকতে অস্বীকৃতি জানান। এ সময় নাবিলা ওই ছাত্রীদের গালমন্দ করেন। পরে তিনি অনুসারীদের নিয়ে রাত ১২টার দিকে ১০৮, ১০৯, ও ১১০ নম্বর কক্ষের অন্তত ১২ জন ছাত্রীকে ভেতরে রেখে দরজায় তালা লাগিয়ে দেন। ১০৫ নম্বর কক্ষ থেকে চারজনকে বের করে দিয়ে ওই কক্ষেও তালা লাগান।
হলের একাধিক শিক্ষার্থী দাবি করেন, তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের জানালেও রাতে তাঁরা আসেননি।
ভুক্তভোগী বেশ কয়েকজন শিক্ষার্থী গতকাল সকালে প্রথম আলো কার্যালয়ে ফোন করে সহযোগিতা চান। সকাল সাড়ে ১০টার দিকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সবিতা রিজওয়ানা হাসান ও মারুফা নাবিলা, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানকে ফোন করেও পাওয়া যায়নি।
হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সকালে দীর্ঘ সময় ধরে প্রাধ্যক্ষ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ওই ছাত্রীরা সমাবেশে অংশ নেবেন, এই সিদ্ধান্ত হওয়ার পর তাঁদের দরজার তালা খুলে দেওয়া হয়। তাঁদের অধিকাংশকেই বিকেলের সমাবেশে যেতে বাধ্য করা হয়।
দুপুর ১২টার দিকে সবিতা রিজওয়ানা মুঠোফোনে বলেন, ‘সমাবেশে যোগ দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের ঝামেলায় একটি কক্ষে তালা ঝোলানো হয়েছিল। এখন খুলে দেওয়া হয়েছে।’ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা নিজেরা মীমাংসা করে নিয়েছে।’
মেহেদী হাসান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই তিনি কক্ষ খুলে দেওয়ার ব্যবস্থা করেন। একটি মাত্র কক্ষে তালা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। কখন ঘটনা শুনেছেন— জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টায়।’