সমাবেশে লোক আনা নিয়ে যুবলীগে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি এলাকায় যুবলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন আহত জাকির হোসেন বলেন, তিনি সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। গতকাল জুমার নামাজের পর চাষাঢ়ায় ছাত্রলীগের এক সমাবেশে যোগ দিতে পাগলার নয়ামাটি এলাকায় কর্মী জড়ো করছিলেন। এ সময় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের পক্ষের লোকজন জাকিরের সমর্থকদের তাঁদের সঙ্গে যেতে বলেন। এতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের মতো করে যেতে চান জাকিরের লোকজন। এতে ক্ষুব্ধ নিজামের লোক টুন্ডা সেলিম, আমির, তোফাজ্জল, রানা, রফেত আলী, বাদশা, চুন্নু অতর্কিতে হামলা চালান। চুন্নু কাটা রাইফেল দিয়ে জাকিরের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। নিজামের পক্ষের হামলায় জাকির ছাড়াও সাগর, আবদুল হাকিমসহ পাঁচজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে এ বিষয়ে শাহ নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান বলেন, সমাবেশে লোক আনা নিয়ে পাগলার নয়ামাটি এলাকায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সামান্য ঝামেলা হয়। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।