নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমাবেশে হামলা হয়েছে। গতকাল সোমবার রাতে এ হামলার সময় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন ওই হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গতকাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়ার বাঐসোনা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এস এম চুন্নুর নির্বাচনী সমাবেশ ছিল গতকাল রাতে চরডুমুরিয়া গ্রামে। সমাবেশের শেষ পর্যায়ে রাত আটটার দিকে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চাপাতি, রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ থেকে ২০টি গুলি ছোড়ে। এ সময় হামলায় নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। এ ছাড়া কনস্টেবল ফারুক আহম্মেদ, মাহাবুব হোসেনসহ ৩০ জনের মতো গুরুতর আহত হন। তাঁদের গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফোরকান মোল্লার সমর্থকেরা এ হামলা চালান। তাঁদের গুলিতেই উপপরিদর্শক হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। এ ছাড়া দুই কনস্টেবলসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে ফোরকান মোল্লা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা সমাবেশে হামলা চালিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে।’
এদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নে প্রতিপক্ষ দুই চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান ও জাতীয় পার্টির (জাপা) আবদুল কাদিরের সমর্থকদের মধ্যে গতকাল সকালে বৃ-কাঁঠালিয়া গ্রামে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুই সদস্যসহ ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় মজিবুর রহমানকে (৬০) ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। অন্য তিনজন হলেন আবদুল মান্নান (৬৫), শাহিন (১৮) ও মন্নান মিয়া (৬২)।
মোহনগঞ্জে মামলা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া বাজারে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে গত শনিবার রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ওরফে মুরাদ বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলাটি করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, মামলার তদন্ত চলছে।