নাসিরনগরে হামলায় আদালতে জাহাঙ্গীরের জবানবন্দি
সমাবেশের ট্রাক ভাড়া করেন আ.লীগ সমর্থিত চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয়েছিল, সেখানে লোক নেওয়ার কাজে ট্রাক ভাড়া করেছিলেন উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, তাঁর এক ভাই ও তাঁর কয়েকজন সহযোগী। পুলিশ বলেছে, হামলার অন্যতম ‘ইন্ধনদাতা’ জাহাঙ্গীর আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন জাহাঙ্গীর আলম। আদালতে এ পর্যন্ত চারজন সাক্ষীর ১৬৪ ধারায় দেওয়া বিবৃতি ও দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একই রকম অভিযোগ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ প্রথম আলোকে জাহাঙ্গীরের জবানবন্দির কথা নিশ্চিত করেন। ইকবাল হোসাইন বলেন, জবানবন্দিতে হরিপুর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া, মাদ্রাসা কমিটির সভাপতি কাপ্তান মিয়া ও হাজী বিল্লালসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর বলেছেন, গত ২৯ অক্টোবর সকালে হরিপুরের হরিণবেড় বাজার থেকে সংকরাদহ গ্রামের এক যুবকের কাছ থেকে ‘ধর্ম অবমাননাকর’ ছবিটি নিজের মুঠোফোনে নেন জাহাঙ্গীর। তিনি ছবিটি প্রিন্ট করে রাতেই বিলি করেন। পরে ফারুক মিয়া, হাজি বিল্লাল ও কাপ্তান মিয়া ওই ছবির কথিত পোস্টকারী রসরাজকে ধরে আনার জন্য জাহাঙ্গীরকে নির্দেশ দেন। জাহাঙ্গীর গ্রামের কয়েক যুবককে নিয়ে রসরাজকে ধরে পুলিশে দেন।
জবানবন্দিতে জাহাঙ্গীর বলেন, নাসিরনগর সদরে ৩০ অক্টোবর সমাবেশের আয়োজন নিয়ে এর আগের দিন রাতে হরিণবেড় বাজারে মাইকিং করা হয়। সমাবেশ নিয়ে ওই বাজারে হাজি বিল্লাল মিয়ার অফিসে সভা হয়। এর পর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বাজারে এলে হাজি বিল্লালের সঙ্গে তাঁর আলোচনা হয়। ৩০ অক্টোবর হরিণবেড় বাজারে লোক জমায়েতের জন্য হাজি বিল্লাল ট্রাকের বন্দোবস্ত করেন। আতিকুর রহমানও কয়েকটি ট্রাকের ব্যবস্থা করতে জাহাঙ্গীরকে নির্দেশ দেন।
এরপর জাহাঙ্গীর, চেয়ারম্যানের বড় ভাই দেওয়ান রুবেল ও সুজন পাঠান নামে একজন সাতবর্গ বাজারের বাসস্ট্যান্ড থেকে পাঁচটি ট্রাক ভাড়া করে হরিণবেড় বাজারে নিয়ে যান। সেখানে হাজি বিল্লাল মিয়া ও কাপ্তান মিয়া চার-পাঁচটি ট্রাকের ব্যবস্থা করে রেখেছিলেন। সমাবেশ শুরুর আগে বিল্লাল ও জাহাঙ্গীর মাইকে ডেকে লোকজনকে ট্রাকে উঠতে আহ্বান জানান।
১২টার দিকে ট্রাকগুলো নাসিরনগর সদরের উদ্দেশে রওনা হয়। পথে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে ট্রাকে ওঠে। স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ শেষে বিকেলে হরিণবেড় বাজার থেকে পাঁচটি ট্রাক ভাড়া বাবদ ১৫ হাজার টাকা দেন জাহাঙ্গীর। এর মধ্যে জাহাঙ্গীরের চার বন্ধু মিন্টু মিয়া, মাহমুদ মিয়া, ইসমাইল মিয়া, মো. শামীম ৫০০ টাকা করে, ইউপি চেয়ারম্যান ১০ হাজার ও জাহাঙ্গীর তিন হাজার টাকা দেন।