সমিতি ও পুলিশের নামে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস নদের কুমিল্লার হোমনা উপজেলা এলাকা দিয়ে চলাচলকারী পণ্যবাহী নৌযান থেকে হোমনা নৌপরিবহন মালিক সমিতি ও পুলিশের নামে চাঁদাবাজি করা হচ্ছে। ছয় মাস ধরে লোক নিয়োগ করে ওই চাঁদা আদায় করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হোমনা উপজেলা নৌপরিবহন মালিক সমিতির একটি ইঞ্জিনচালিত নৌকা আছে। ওই নৌকা দিয়ে অহিদ মিয়াসহ দুজন এবং হোমনা থানার নৌকার মাঝি মো. রব মিয়ার দুই ছেলে মো. সেলিম ও মো. হালিম চাঁদা তোলার কাজ করছেন। প্রতিদিন ১৫০-২০০ বাল্কহেড থেকে ২০-২৫ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।
বাঞ্ছারামপুর-হোমনা সেতু এলাকা থেকে শুরু করে বাঘমারা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় চাঁদা তোলার কাজ চলে। এসব নৌযান মেঘনা নদী থেকে তোলা বালু পরিবহন করে হোমনা এবং বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে সরবরাহ করে থাকে। ওই নদী দিয়ে রাজধানীর সদরঘাট এবং নারায়ণগঞ্জ থেকে পণ্য বহনকারী নৌকাও চলে।
নৌকাচালক মো. কাইয়ুম মিয়া অভিযোগ করেন, সমিতির নামে প্রতিবার ১০০ টাকা চাঁদা দিতে হয়। এই পথে দিনে তিনবার এলে তিনবারই চাঁদা দিতে হয়। তিনি আরও বলেন, চাঁদা না দিলে নৌকা চলাচলে বাধা দেওয়া হয়। সবাইকেই এ চাঁদা দিতে হয়।
বাল্কহেডের মালিক তাহের মিয়া অভিযোগ করেন, সমিতি ও থানার কথা বলে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এর মধ্যে সমিতি ৫০ ও থানা ৫০ টাকা করে নেয়। চাঁদা না দিলে থানার পাশ দিয়ে নৌযান চলাচলে বাধা দেওয়া হয়। এ কারণে তাঁরা বাধ্য হয়ে চাঁদা দেন।
৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে হোমনা লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, হোমনা থানার পশ্চিম পাশে তিতাস নদে ছোট্ট একটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে হোমনা গ্রামের অহিদ মিয়া বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা তুলতে ব্যস্ত। তিনি ভোর থেকে শুরু করেন চাঁদা তোলার কাজ। তিনি পণ্যবাহী নৌকা থেকেও চাঁদা তুলছেন।
অহিদ মিয়া বলেন, ‘প্রতিটি বোট থেকে ১০০ টাকা লই। এ টাকা হোমনা পরিবহন মালিক সমিতির টাকা। আমি টাকা তুইলা সমিতির সেক্রেটারি (সাধারণ সম্পাদক) মোছলেম মিয়াকে দিয়া দিই। সমিতি আমাকে প্রতিদিন ৫০০ টেকা দেয়।’
হোমনা নৌপরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন বলেন, ‘সমিতির কল্যাণের জন্য আমরা প্রতিটি বালুর বোট থেকে ৫০ টাকা হারে চাঁদা ওঠাই। অহিদ মিয়া যদি ১০০ টাকা ওঠায় তাহলে থানার জন্য ৫০ টাকা আর সমিতির জন্য ৫০ টাকা ওঠায়।’
হোমনা থানার নৌকার মাঝি রব মিয়ার ছেলে সেলিম মিয়া বলেন, ‘প্রতিদিন বোট থেকে ৫০ ও ১০০ টাকা করে চাঁদা তুলে থানার ওসি স্যারের কাছে দিই। আমার বেতন প্রতিদিন তিন-চার শ টাকা স্যারে দেয়। আমার লগে আমার ছোট ভাই হালিম মিয়াও টাকা ওঠায়।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ‘রব মাঝিকে তো থানা থেকে বেতন দেওয়া হয় না। আমার জানামতে নৌ-মালিক সমিতির পক্ষ থেকে রব মাঝিদের চাঁদার একটা টাকা দেওয়া হয়। কিন্তু আমি নিজে কোনো চাঁদার টাকা নিই না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ জামিল বলেন, হোমনায় নদীতে চাঁদাবাজির খবর তিনি জানেন না। ইজারাদার ছাড়া কেউ চাঁদা ওঠালে তা অবৈধ। এ ব্যাপারে প্রশাসনের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।