
রায়েরবাজার কমিউনিটি সেন্টার থেকে শেরেবাংলা রোড ধরে বাজারের দিকে এগোলে হঠাৎ একটি সাইনবোর্ড চোখে পড়ে ‘রায়েরবাজার সমিতি ট্রাস্ট, গদিঘর, স্থাপিত: ১৯১৮’। ভালো করে খেয়াল করলে বোঝা যায়, সাইনবোর্ডটি থেকে একটি শব্দ মুছে ফেলা হয়েছে। শব্দটি ‘পাল’।
একসময় রাজধানীর বছিলাঘাট থেকে রায়েরবাজারে মালবোঝাই নৌকা আসা-যাওয়া করত। মাটির হাঁড়ি-পাতিল, কলসিসহ নানা জিনিস তৈরি হতো এখানে। কুমোরপাড়া হিসেবে বেশ নামডাক ছিল। পালদের তৈরি এ পাড়ার পণ্য সারা দেশেই ছড়িয়ে পড়ত। ব্যবসাকে কেন্দ্র করে পালরা তৈরি করে ‘রায়েরবাজার পাল সমিতি ট্রাস্ট’। পালদের ব্যবসার এ রমরমা অবস্থা শুরু হয়েছিল এক শ বছর আগে।
গতকাল বুধবার বিকেলে সমিতিতে গিয়ে দেখা যায়, চারদিকে দেয়ালঘেরা এ জায়গায় দুটি ভবন। একটি ‘বৈশাখী যুব সংগঠন’, যার সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুন খান। অন্যটি পালদের সমিতির ভবন। ভবনটি দেখলেই বোঝা যায় ব্রিটিশ আমলের স্থাপনা। কোথাও কোথাও ভাঙা, পলেস্তারা খসে পড়েছে। দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পাশের যুব সংগঠনটিও তালাবদ্ধ।
গেটের বাইরে একটি চায়ের দোকান। সেখানে বসে ছিলেন স্থানীয় বাসিন্দা মো. হাবিবুল। সমিতি সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, ‘এখন পালরা কেউ যায় না। ক্লাবের (বৈশাখী যুব সংগঠন) লোকজন আড্ডা দেয়, অনুষ্ঠান করে।’
সমিতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং জানেন এমন দুজনকে পাওয়া গেল। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা কথা বলতে রাজি হন।
প্রথমজন বলেন, ‘জন্মের পর থেকে সমিতির কোনো কাজ দেখিনি। ছোটবেলায় একবার দুর্গাপূজা হতে দেখেছিলাম ওইখানে। মেলাও হতো। আর এখন তো কেউ যায়ই না।’ তিনি বলেন, পুরো রায়েরবাজারই ছিল পালদের এলাকা। প্রায় ৩০০ পাল পরিবার ছিল। এখন পালদের ৩০টির মতো পরিবার আছে। সময়ের পরিবর্তনে পালদের সে অবস্থা এখন নেই। অধিকাংশই দেশ ছেড়ে চলে গেছে।
দ্বিতীয়জন বলেন, ‘এই সমিতির নামে ৪৭৬ বিঘা জমি ছিল। এখন প্রায় সবই দখল। যেটুকু আছে সেখানেও পালরা যেতে পারেন না।’ তিনি আরও জানান, পালদের মধ্যে বড় ব্যবসায়ীরা মিলে এই সমিতি গড়ে তোলেন। তাঁদের টাকাপয়সার হিসাব, খাজনা আদায় থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেনদেন হতো। পুরোনো ভবনটি ছিল হলঘর। সেখানে সবাই বসতেন। সেখানে থেকেই ‘গদিঘর’ নামটি হয়। সমিতি থেকে তাঁরা জমি কেনা শুরু করেন এবং ব্যবসায়িক ভালো-মন্দ দেখতেন।
মুক্তিযুদ্ধের পরেই পালদের জায়গা দখল হওয়া শুরু হয়। সমিতির কাজও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। নিজেদের সমিতি চালু করা ও জায়গা ফিরে পেতে প্রায় ৩০ বছর আগে বিসুনাথ পাল ও সুখেন পাল নামের দুজন উদ্যোগ নেন। তাঁরা সমিতির নামের কাগজপত্র বের করেন এবং কিছু জায়গা উদ্ধারও করেন। পুনরায় সমিতি চালু হওয়ার পরে তাঁরা পাশের আখড়া মন্দিরে নিজেদের বৈঠক করতেন। পুরোনো জায়গায় আর ফিরতে পারেননি। কিন্তু এখন তাঁরা দুদকের মামলায় পলাতক আছেন। সমিতির কোনো কার্যক্রমও নেই। সাইনবোর্ড থেকে পাল নামটিও মুছে ফেলা হয়েছে।
ফেরার কোনো চেষ্টা পালদের আছে কি না জানতে চাইলে বলেন, ‘ফিরতে গিয়েই তো দুজন বাড়িছাড়া। কারও এখন আর সেই ক্ষমতা নাই।’
দুই বছর পরে সমিতিটির বয়স এক শ বছর হবে। কিন্তু শতবর্ষ উদ্যাপনের জন্য পালরা কেউ যাবেন না। পালদের একজন বলেন, কেউ মারা গেলে লাশটা গেটের কাছে রাখা হয়। তাঁরা ওই গেট থেকেই লাশ দেখে চলে আসেন। ভেতরে যান না।