সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২
পটুয়াখালী শহরে একটি সমবায় সমিতি সদস্যদের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সমিতির এক সদস্য মামলা করেছেন। পুলিশ সমিতির দুই কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে।
৬ মে সমিতির সদস্য শহীদ ইসমাইল পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন। এজাহারে বলা হয়, প্রায় তিন বছর ধরে পটুয়াখালী শহরের সদর রোডের গাজী প্লাজার তৃতীয় তলায় আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামে ওই সমবায় সমিতির শাখার কার্যক্রম শুরু হয়। ওই শাখার কর্মকর্তারা শহরের ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সমিতিতে টাকা রাখার প্রস্তাব দেন। শহীদ ইসমাইল ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর ও চলতি বছরের ২৮ জানুয়ারি দুই কিস্তিতে সমিতিতে পাঁচ লাখ টাকা জমা রাখেন। কয়েক সপ্তাহ ধরে ওই শাখার কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। ইসমাইলসহ অনেক সদস্য জমাকৃত টাকা তুলতে সমিতিতে ভিড় করেন। তখন শাখার কর্মকর্তারা ৪ মে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে ওই দিন সদস্যরা সমিতিতে গিয়ে দেখতে পান, কার্যালয়ে শুধু পিয়ন জুয়েল ছাড়া আর কেউ নেই। কার্যালয়ের কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে ফেলা হয়েছে। কর্মকর্তাদের মুঠোফোনও সেদিন বন্ধ পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে সদস্যরা কার্যালয়ে ভিড় জমান। একপর্যায়ে শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলামকে খুঁজে বের করা হয়। পরে তাঁকে ও পিয়ন জুয়েলকে পুলিশে সোপর্দ করা হয়।
এজাহারে আরও বলা হয়, সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রতারক চক্রের সদস্য। তাঁরা কৌশলে শহরের প্রায় দুই হাজার সদস্যের কাছ থেকে দৈনিক সঞ্চয়, মাসিক সঞ্চয় এবং দ্বিগুণ মুনাফা ও তিন গুণ মুনাফাসহ বিভিন্ন স্কিমের মাধ্যমে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করে কার্যালয় বন্ধ করে পালিয়েছেন।
গত বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, ওই কার্যালয় তালাবদ্ধ। সমিতির কিছু সদস্য তাঁদের জমা টাকা ফেরত পেতে শাখা কার্যালয়ের সামনে ভিড় করে আছেন।
শহরের বড় মসজিদ এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আমি আরডিপিতে (সমিতি) প্রতি সপ্তাহে ৭০০ টাকা করে জমা রেখেছিলাম। এতে আমার ২৬ হাজার টাকা জমা হয়েছিল। আমার কাছে টাকা জমার রসিদ ও পাসবই আছে। কিন্তু টাকা তুলতে এসে দেখি প্রতিষ্ঠানটিতে তালা মারা। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাইনি।’
মামলার বাদী শহীদ ইসমাইল বলেন, ‘আমরা সরল বিশ্বাসে টাকা জমা রেখেছিলাম। টাকা নিয়ে উধাও হয়েছে কর্মকর্তা ও কর্মচারীরা। মামলা করেছি, যাতে সমিতির সব সদস্য তাঁদের জমাকৃত টাকা ফেরত পান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।