সমিতির নামে যুবলীগ নেতার চাঁদাবাজি!
চট্টগ্রাম নগরের ইপিজেড থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সড়কপথে প্রায় তিন শ অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে। এসব গাড়ির চালক ও মালিকেরা মিলে কয়েকটি সমিতি করেছেন। এসব সমিতির নামে যুবলীগের এক নেতা চাঁদাবাজি করছেন বলে অভিযোগ উঠেছে।
এসব গাড়ির চালকেরা বলেছেন, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে তাঁরা সমিতিগুলো করেছিলেন। কিন্তু এখন সেই টাকা যুবলীগ নেতা ছাদেক হোসেন তাঁর লোকজনের মাধ্যমে নিয়ে যাচ্ছেন। ছাদেক মহানগর ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। মাসে সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার একটি অংশ তাঁর পকেটে যাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইপিজেড-পতেঙ্গা সমুদ্রসৈকত রুটে সাত-আট মাস আগে প্রায় ৩০০ সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক নামে। এখন সেই সংখ্যা আরও বেড়েছে। গড়ে একটি অটোরিকশার দিনে আয় এক হাজার টাকা ও ইজিবাইকের ৬০০ থেকে ৭০০ টাকা।
এসব অটোরিকশা ও ইজিবাইকের কয়েকজন চালক ও মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ছয়টি সমিতি করেছেন। কেউ অসুস্থ হলে বা অক্ষম হলে কিংবা কারও গাড়ির যন্ত্রাংশ নষ্ট হলে তাঁকে সহায়তা করাই ছিল এই তহবিল গঠনের উদ্দেশ্য। প্রায় ২৩০টি অটোরিকশার চালকের প্রত্যেকে দিনে ৩০ টাকা ও মাসে ২০০ টাকা হারে চাঁদা জমা দেন। আর প্রায় ৭০টি ইজিবাইক চালক-মালিকেরা জমা দেন দিনে ২০ টাকা করে। এভাবে মাসে সব মিলিয়ে আড়াই থেকে তিন লাখ টাকা চাঁদা ওঠে।
কয়েকজন গাড়িচালক ও মালিক অভিযোগ করেছেন, যুবলীগের নেতা ছাদেক হোসেনের নেতৃত্বে কিছু লোক এই সমিতিগুলোর নামে চাঁদা তুলছেন। ইতিমধ্যে কিছু সমিতির নিয়ন্ত্রণ তাঁদের হাতে চলে গেছে। বাকিগুলোও হাতছাড়া হওয়ার পথে। কিন্তু ভয়ে তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না।
গত মঙ্গলবার অটোরিকশাচালক সালাহউদ্দিনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। এ সময় তিনি বলেন, ‘আমরা চালকদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে সমিতি করি। এখন আমাদের সমিতির নামে টাকা ছাদেক হোসেনের লোকজন নিয়ে যাচ্ছে।’ একই অভিযোগ করে আরেক চালক বাবুল শেঠ বলেন, ‘আমি একটি সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। আমাকে সমিতি থেকে তাড়িয়ে দিয়ে ছাদেক হোসেনের লোক নিয়ন্ত্রণ নিয়েছে। আমাদের টাকা ওরা নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে সমস্যা হবে। তাই নীরবে সব মেনে নিচ্ছি।’
সৌদি আরবপ্রবাসী স্থানীয় মোহাম্মদ জাকারিয়া ছয় মাস আগে দেশে ফিরেছেন। তিনি দুটি ইজিবাইক কিনে তাঁর আয় দিয়ে সংসার চালাচ্ছেন। জাকারিয়া জানান, সমিতির তহবিলে প্রতিদিন ২০ টাকা জমা দিয়ে মাস শেষে ২০০ টাকা ফেরত পেতেন। এখন ছাদেক হোসেনের নির্দেশ, তাঁর লোককে প্রতিদিন গাড়িপ্রতি ২০ টাকা ও মাসে ৫০০ টাকা দিতে হবে। তাঁদের টোকেন নিয়েই রাস্তায় গাড়ি চালাতে হবে।
যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করে ছাদেক হোসেন গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। ছোট গাড়ির চালক ও মালিকদের কাছ থেকে আমি কেন চাঁদা নেব? আমার মুদির দোকান ও অন্যান্য ব্যবসা আছে।’ তবে তিনি বলেন, এলাকার ছেলে আলাউদ্দিন, বেলাল ও ইয়াছিনরা নিজেদের নামে সমিতি রেজিস্ট্রেশন করেছেন। তাঁরা চালক-মালিকদের সমস্যাগুলো দেখভাল করছেন।
জানতে চাইলে নিজেকে যুবলীগের কর্মী পরিচয় দেওয়া আলাউদ্দিন বলেন, ‘ছাদেক হোসেন ভাই আমাদের উপদেষ্টা। আমরা নিজেদের নামে সমিতি রেজিস্ট্রেশন করে গাড়ি চালাচ্ছি।’ নিজের গাড়ি আছে কি না—প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।