টানা কয়েক মাস বন্ধ থাকার পর কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে আবার শুরু মানব পাচার। আত্মগোপনে থাকা দালালেরা এলাকায় ফিরে এই তৎপরতা শুরু করেছে।
গতকাল বুধবার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উখিয়া উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ও উখিয়ার বাসিন্দা রেজিয়া বেগম ওরফে রেভি ম্যাডাম সম্প্রতি এলাকায় ফিরে মানব পাচার শুরু করেছেন। এর বিরুদ্ধে সোচ্চার হওয়ায় রেভি নিজের মেয়েকে দিয়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ আটজনের বিরুদ্ধে একাধিক মামলা করিয়েছেন।
উখিয়া উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে দালালেরা কয়েক মাস আত্মগোপনে ছিল। সম্প্রতি তালিকাভুক্ত দালালেরা এলাকায় ফিরে মানব পাচারের তৎপরতা শুরু করে দিয়েছে। তাঁর দাবি, কয়েক দিন ধরে উখিয়া উপজেলার রেজুখাল, মনখালী ও মোহাম্মদ শফিরবিল উপকূল দিয়ে গভীর রাতে মাছ ধরার নৌকায় লোকজনকে তুলে গভীর সাগরে নেওয়া হচ্ছে। তারপর সেখানে অপেক্ষমাণ বিদেশি জাহাজে তাঁদের তুলে দেওয়া হচ্ছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক নুর খান বলেন, পুরোনো কায়দায় মানব পাচারের দালালেরা সক্রিয়। কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
গত ২৩ ডিসেম্বর মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফ থেকে দুই দালালসহ চার ব্যক্তিকে আটক করে বিজিবি ও পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, কিছু দালাল জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে আবার তৎপরতা শুরু করেছে। গত ডিসেম্বরে পুলিশ অভিযান চালিয়ে মানব পাচারে জড়িত নয় দালালকে গ্রেপ্তার করেছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, শীত মৌসুমে সমুদ্র উপকূল শান্ত থাকায় মানব পাচারকারীরা পুনরায় তৎপর হয়ে উঠেছে। মানব পাচার ঠেকাতে টেকনাফ উপকূলে বিজিবির টহল বাড়ানো হয়েছে। মানব পাচার সম্পর্কে জনমত গঠনের জন্য উপকূলে সমাবেশ করার পাশাপাশি ৫২টি চৌকিতে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। মানব পাচারের অন্যতম ঘাট খুরেরমুখ ও শিখালীতে বিজিবি বিশেষ দুটি তল্লাশি চৌকি স্থাপন করেছে।
কক্সবাজার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের (এইচআরডিএফ) যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর বলেন, শহরের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার উপকূল সন্ধ্যার পর অরক্ষিত থাকছে। এ সময় মানব পাচারের ঘটনা ঘটছে।
কক্সবাজার মানব পাচারবিরোধী টাস্কফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, মানব পাচারের ঘাট হিসেবে কক্সবাজার বহির্বিশ্বে প্রচার পাচ্ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। মানব পাচার বন্ধে উপকূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হচ্ছে।