কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে গতকাল রোববার ভোরে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে চার দালালসহ ১৫ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের মিস্ত্রিরবান নামক এলাকায় অভিযান চালিয়ে ওই ১৫ ব্যক্তিকে আটক করা হয়।
সূত্র জানায়, আটক দালালেরা হলেন কক্সবাজারের উখিয়ার সোনাপাড়ার মো. ইলিয়াস (৩৫), জামাল হোসেন (২৮), নাজির হোসেন (২৫) ও মো. হোসেন (২৩)। আটক যাত্রীরা হলেন যশোরের নওশের আলী (৩৫) ও মো. সোহরাপ (২৫); নরসিংদীর খোকন মিয়া (২৮), সুজন মিয়া (২০), কাউস বিন সরকার (২৮), অলি সরকার (২৫), মিঠুন মিয়া (১৮), নাজমুল হোসেন (১৮) এবং কক্সবাজারের আবু নাছের (১৫), মো. নাছির (২৫) ও হাসান আলী (৩৮)।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট খলিলুর রহমান জানান, আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করে মামলা করা হয়েছে।