সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে শনিবার দিবাগত রাত নয়টার দিকে ২৮ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।
বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার লেদা চৌকির নায়েক সুবেদার আতাউর রহমান ও সাবরাং চৌকির হাবিলদার অবনি কুমার বিশ্বাসের নেতৃত্বে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস ও একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৮ ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে দালালরা তাঁদের টেকনাফে এনেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।
আটক ব্যক্তিরা বলেন, ‘টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের দালাল আবদুল হাফেজ ও মাহমুদুল হাসান নামে দুই ব্যক্তি আমাদের সমুদ্রপথে জাহাজে করে মালয়েশিয়া পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রথমে কক্সবাজার নিয়ে আসেন। পরে জেলাভিত্তিক দল করে কয়েকটি হোটেলে রাখেন। সেখান থেকে শনিবার রাতে সাবরাং উপকূলের ঘাট দিয়ে জাহাজে তুলে দেওয়ার কথা বলে টেকনাফে আনার পথে বিজিবির হাতে ধরা পড়ি।’
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ২৮ জন ব্যক্তিকে থানা পুলিশে সোপর্দ করে অভিযুক্ত দালালের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।