সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে আটক ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১৭ জন মিয়ানমারের নাগরিক ও দুই দালালকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজন নারী ও দুই শিশু রয়েছে। টেকনাফ থানা-পুলিশ আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারগোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান জানান, আজ ভোরে মিয়ানমার থেকে কিছু লোককে টেকনাফে এনে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের এককটি দল ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় পাচারকারীদের দালাল বুলবুলির বাড়ি থেকে দুই দালাল ও মিয়ানমারের ১৭ জন নাগরিককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে জানা গেছে, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে তাঁদের সেখানে আনা হয়। এরপর ফাতেমা বেগম নামের এক দালাল তাঁদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা নিয়েছেন।

ওসি আরও বলেন, আটককৃতরা জানিয়েছেন তাঁরা তিন-চার মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। তখন তাঁরা উখিয়ার কুতুপালং এলাকায় আশ্রয় নিয়েছিলেন। সুযোগ বুঝে তাঁদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা চলছিল। অভিযানে আটক চার নারীর স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে বলে আটক নারীরা জানিয়েছেন।

পুলিশ হেফাজতে থাকা ছমিরা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছে। ফাতেমা বেগম নামের এক নারী আমাদের মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ আমাদের আটক করে।’

ওসি মাইনুদ্দিন খান জানান, দালাল দুজনের নাম মো. খলিল ওরফে প্রকাশ ও বুলবুলি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।