সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকত এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা একটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে তাঁর বয়স ৩৮ বছর হবে।
টেকনাফ মডেল থানার পুলিশ জানায়, আজ দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার শফিক মিয়ার চিংড়ি ঘেরসংলগ্ন সমুদ্রসৈকতে ভাসমান একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশের উপপরিদর্শক মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এটি এলাকার কারও নয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তিটি মিয়ানমারের নাগরিক হতে পারেন। রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে হয়তো নৌকা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় টেকনাফ থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।