সম্পর্কে বাধা দেওয়ায় ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় দ্বিতীয় স্বামী আসাদুল ইসলামের হাতে খুন হয়েছিলেন বৃষ্টি আক্তার (২৩)। শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাকে আত্মহত্যার বলে চালিয়ে দিতে চেয়েছিলেন তিনি।
গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসাদুলকে গ্রেপ্তার করে র্যাব। পরে সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়।
র্যাবের ভাষ্যমতে, আসাদুল পরকীয়া সম্পর্কে আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বৃষ্টিকে। পরে মরদেহ সারা রাত সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ভোরের দিকে লাশ রেখে পালিয়ে যান আসাদুল।
সংবাদ সম্মেলনে র্যাব-৪–এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, গত ১৩ জানুয়ারি খুন হন বৃষ্টি। ঘটনার দুদিন পর তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃষ্টির পরিবার আসাদুলকে আসামি করে হত্যা মামলা করে। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত করছিল র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসাদুল নারায়ণগঞ্জে আত্মগোপন করে আছেন। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০১২ সালে বৃষ্টির প্রথম বিয়ে হয়। সেই সংসারে তাঁর দুই মেয়ে রয়েছে। প্রায় ৭ বছর সংসারের পর ২০১৯ সালে স্বামী বৃষ্টিকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। পরে বৃষ্টির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তাঁর। এরপর গাজীপুরে গিয়ে বোনের সঙ্গে থেকে পোশাক কারখানায় চাকরি শুরু করেন বৃষ্টি। সেখানে আসাদুলের সঙ্গে পরিচয় হয় তাঁর। গত বছর এক লাখ টাকা যৌতুক নিয়ে বৃষ্টিকে বিয়ে করেন আসাদুল।