সম্পত্তি দখলে বাধা দেওয়ায় বিধবাকে বেঁধে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছপালা কেটে ঘর তুলে সম্পত্তি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় এক হিন্দু বিধবা নারীকে হাত ও পা বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত সোমবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে নির্যাতনের শিকার কাকন বালা (৫০) নামের ওই নারীকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ত্রাসীরা মোটরসাইকেলে মহড়া দিয়ে তাঁর চিকিৎসার কাজে বাধা দেয়। একপর্যায়ে সন্ধ্যার পর গোপনে পালিয়ে ছেলে অসীম তাঁর মা কানন বালাকে পটুয়াখালী এনে ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।
অসীম বলেন, সরকারের কাছ থেকে তাঁরা ৬০ শতাংশ জমি বন্দোবস্ত নেন এবং নিজেদের রেকর্ডীয় সম্পত্তি ১৯ শতাংশ। এই সম্পত্তিতে তাঁদের বসতঘর, পুকুর ও গাছপালা রয়েছে। এই সম্পত্তির ওপর দৃষ্টি পড়ে স্থানীয় আবুল হোসেনসহ আশপাশের লোকজনের। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পত্তি দখলের জন্য নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। এমনকি সম্পত্তি না দিলে দেশছাড়া করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
কানন বালা বলেন, অসীম ও তাঁর স্ত্রী মাধবী রানী দশমিনা উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পে দৈনিক মজুরি ভিত্তিতে নৈশপ্রহরী ও ঝাড়ুদারের কাজ করেন। ঘটনার দিন বাড়িতে কেউ ছিলেন না। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে আবুল হোসেন ও তাঁর ভাই বারেক প্যাদা লোকজন নিয়ে এসে তাঁদের বাড়ির গাছ কাটতে থাকেন। একপর্যায়ে লোকজন দিয়ে ঘর নির্মাণ শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে দখলদারেরা তাঁকে ধাক্কা দিয়ে কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে রশি দিয়ে পা দুটো এবং ওড়না দিয়ে হাত বেঁধে ফেলেন। এরপর তাঁকে লাথি ও পদদলিত করেন। এভাবে চলে অমানবিক নির্যাতন।
কানন বালা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওগো কাছে কতবার পাও ধইরা মাফ চাইছি। বাড়িঘর ছাইরা ভারতে চইলা যামু কইছি, তবুও তরা আমারে পাড়াইয়া মাটিতে ফালাইয়া রাখে।’ দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে কানন বালাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বলেন, বৃহস্পতিবার অসীম চন্দ্র দাস বাদী হয়ে দশমিনা থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, ‘আসলে ওই জমিটি খাস। ৩০ বছর আগে সেখানে আমার দোকান ছিল। আর গ্রামের সালিসে আমাকে সেখানে ঘর তুলতে বলায় আমি ঘর তুলছি। ওই নারীকে আমি মারধর করিনি। ওনি পাগল টাইপের লোক।’