সম্পত্তি নিয়ে বিরোধে দুই নারীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী গ্রামে গত শুক্রবার দুই নারীকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করে। পরে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আহত দুজন হলেন নূরজাহান বেগম (৬০) ও তাঁর মেয়ে সুমি আক্তার (২৫)। তাঁদের বাড়ি মধ্যম দিঘলদী গ্রামে। শুক্রবার রাতে তাঁদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শনিবার সকালে নূরজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলো আনিছুর রহমান (১৫), রবিউল মোল্লা (১৫), শহিদুল্লাহ মাল (১৬), সোহেল সরকার (১৮), রাসেল হোসেন (১৫) ও হাসিবউদ্দিন (১৮)। তাদের বাড়ি নবকলস এলাকায়।
মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, গতকাল নূরজাহানের মেয়ে তানিয়া আক্তার মামলা করেছেন। মামলায় সোহেল ও হাসিবউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নান্নু গাজী ও তাঁর ছোট ভাই আলম গাজীর পরিবারের মধ্যে বাড়ির কিছু জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত বছর উভয় পক্ষ ওই জায়গার মালিকানা দাবি করে চাঁদপুর দেওয়ানি আদালতে পাল্টাপাল্টি মামলা করে। মামলা দুটি এখনো বিচারাধীন। শুক্রবার বিকেলে নান্নু গাজীর বসতঘরের সামনে একটি নারকেলগাছ থেকে আলম গাজীর ছেলে মো. রনি, আনিছুর রহমান ও মো. সাইফুল ডাব পাড়তে যায়। নান্নু গাজীর স্ত্রী নূরজাহান বেগম এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে রনি নবকলস এলাকা থেকে তাঁর পরিচিত ১৫-১৬ জন তরুণকে নিয়ে ঘরে ঢুকে নূরজাহান বেগম ও তাঁর মেয়ে সুমি আক্তারকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁদের দুজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়। নূরজাহান ও সুমির চিৎকারে লোকজন এগিয়ে এলে কয়েকজন হামলাকারী পালিয়ে যায়। এলাকাবাসী ছয়জনকে আটক করে পুলিশকে খবর দেয়। সন্ধ্যার দিকে পুলিশ তাদের আটক করে।
নূরজাহান বেগম বলেন, জায়গা দখল এবং তাঁদের হত্যার উদ্দেশ্যে আলম গাজীর ছেলেরা এ হামলা চালায়।
আলম গাজী বলেন, নারকেলগাছটি তাঁর জায়গায়। তাঁর ছেলে ও ছেলের বন্ধুরা এ হামলা করেনি।