সম্পত্তি 'দখল করে' আ.লীগের সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন উত্তর বাজারে গতকাল শুক্রবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক খণ্ড জায়গা দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন।
কামাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, জকসিন উত্তর বাজারে তাঁদের ৯ শতাংশ জমি ও সাতটি দোকানঘর আছে। যার মূল্য প্রায় কোটি টাকা। এ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বাংগাখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বিরোধ চলে আসছে। গতকাল সকাল সাতটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী ওই সম্পত্তি দখল করে আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে কামালের পরিবারের সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কামালের দুই ভাবি পারভীন আক্তার ও শিউলী আক্তার ছররা গুলিতে আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে দুপক্ষের লোকজন সরে যান। এ সময় তিনটি এলজি, কয়েকটি গুলি, রামদা ও কুড়াল উদ্ধার করা হয়েছে।
বাংগাখা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম জানান, জকসিন উত্তর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের দান করা সম্পত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যালয়ের সাইনবোর্ড লাগানো হয়েছে। তাঁর দাবি, হামলার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়িত নন।
বাংগাখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল হোসেন বলেন, ‘জকসিন উত্তর বাজারে আমার ১৪ শতক জমি আছে। এ জমি থেকে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যালয়ের জন্য ১ শতক জমি দান করেছি।’ তিনি বলেন, ‘আমি কারও জমি বা দোকানঘর দখল করিনি। কারও ওপর হামলাও করিনি।’
মো. বেলাল হোসেন জানান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর জমিতে সাইনবোর্ড ঝুলিয়েছেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, এ ঘটনায় মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।