সম্পত্তির লোভে বৃদ্ধকে সন্তান ও স্ত্রীর নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পত্তির লোভে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক বৃদ্ধকে পরিবারের লোকেরা গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার শীলমন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শহিদ প্রধান (৬০) বলেন, সম্পত্তি লিখে দেওয়ার জন্য তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছেন। অত্যাচার সহ্য করতে না পেরে কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হন। এবার নির্যাতনের ঘটনাটি পুলিশকে জানিয়েছেন। তিনি এর বিচার চান।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ প্রধানের সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে ছেলে নজরুল ইসলাম, মেয়ে মুনমুন আক্তার ও স্ত্রী নুরজাহান বেগমের বিরোধ চলে আসছে। স্ত্রী ও ছেলেমেয়ের নামে জমি ও বাড়ি লিখে না দেওয়ায় একাধিকবার তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। অত্যাচার সহ্য করতে না পেরে ১৫-২০ দিন আগে বাড়ি থেকে রাগ করে এক আত্মীয়ের বাড়ি চলে যান। সেখানে কিছুদিন থাকার পর মঙ্গলবার দুপুরে বাড়ি ফেরেন। রাতে স্ত্রী ও ছেলেমেয়েরা তাঁকে সম্পত্তি লিখে দিতে আবার চাপ দেন। এতে অপারগতা জানালে রাত আটটার দিকে ঘর-সংলগ্ন একটি গাছে শিকল দিয়ে বেঁধে তাঁকে লাঠিপেটা করা হয়। এতে তাঁর বুক, পিঠ, হাত, পা ও মাথা জখম হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকেরা এগিয়ে এলে নির্যাতন বন্ধ হয়। পরে বাড়ির লোকেরা রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে বক্তব্য জানতে নজরুল ইসলাম, মুনমুন আক্তার ও নুরজাহান বেগমের মুঠোফোন নম্বরে গতকাল বুধবার দুপুরের পর একাধিকবার ফোন করে সংযোগ বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে ওই বাড়ির এক ব্যক্তি বলেন, ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) শহিদ উল্লাহ বলেন, ঘটনাটি জেনেছেন। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। মামলা বা অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।