সম্পদ আত্মসাতের চেষ্টায় শিশুকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ আত্মসাতের জন্য দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নয়ারহাট গ্রামের ওমর ফারুক নিশাত নামে ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। গতকাল শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিশাতের নানা নজরুল ইসলাম ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নয়ারহাট গ্রামের কৃষক ও মুদি ব্যবসায়ী বাছির উদ্দিনের সঙ্গে আট বছর আগে মেয়ে নিপা খাতুনের বিয়ে হয়। দেড় বছর আগে বাছির উদ্দিন মারা যান। ৯ জুলাই নিপা খাতুন সন্তানদের ঈদের কাপড় সেলাই করতে প্রতিবেশী দরজির বাড়িতে যান। তাঁর অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা নিশাতকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে লাশটি বাড়ির লিচুগাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে নিপা বাড়িতে ছুটে আসেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকারকে জানানো হয়। চেয়ারম্যানের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই ওই দিন নিশাতের লাশ দাফন করা হয়।
নজরুল ইসলাম দাবি করেন, বাবার রেখে যাওয়া সম্পদ আত্মসাতের জন্যই নিশাতকে তার চাচা, চাচাতো ভাইসহ ওয়ারিশেরা হত্যা করেছে। তিনি অভিযোগ করেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মেয়ের বাড়িতে এসে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে বাধা দেন। তাঁর কথা অগ্রাহ্য করা হলে তিনি বীরগঞ্জ থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু পুলিশ পৌঁছার আগেই লাশ সন্দেহভাজন হত্যাকারীরা দাফন করে ফেলে। সন্দেহভাজনেরা লাশ দাফনের সাত ঘণ্টা পর নিপা খাতুনকে থানায় ডেকে নিয়ে ‘তাঁর শিশুপুত্র নিহত হওয়ার ঘটনায় পরিবারের সদস্যসহ কাউকেও দায়ী করছেন না’—মর্মে মুচলেকা নেয়।
নিশাতের চাচা আবুল কাশেম প্রথম আলোর কাছে অভিযোগ অস্বীকার করেন। বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, নিশাতসহ তিন শিশু লিচুগাছে দোলনা খেলছিল। রশি গলায় প্যাঁচ লেগে নিশাতের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তার মা নিজে থানায় এসে লিখিত দিয়ে গেছেন।