সম্পদ বেশি তফজ্জুলের, জমিরের নামে ৫ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে সম্পদ বেশি স্বতন্ত্র প্রার্থী মো. তফজ্জুল হোসেনের। তিনি পৌরসভার বর্তমান প্রশাসক। মামলা বেশি স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জমির হোসাইনের। তিনি পৌর জামায়াতের সাবেক আমির। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে পাঁচটি মামলা বিচারাধীন।

মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীর হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন ছয় প্রার্থীর হলফনামার এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন।

২০০০ সালে বিয়ানীবাজার সদর ইউনিয়নসহ কিছু এলাকা নিয়ে পৌরসভা গঠিত হয়। এরপর বিয়ানীবাজার সদর ইউনিয়নের তখনকার চেয়ারম্যান হিসেবে তফজ্জুল হোসেন পৌর প্রশাসক হন। মামলাসহ আইনি জটিলতার কারণে প্রতিষ্ঠার ১৬ বছর পর বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন হচ্ছে। তফসিল অনুযায়ী ২৫ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।

পৌর প্রশাসকের দায়িত্বে থাকা তফজ্জুল মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে একটি মামলা আছে। দ্রুত বিচার আইনের এ মামলাটি উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে। পেশায় ব্যবসায়ী তফজ্জুলের ইটখোলা, রাইস, ময়দা, আটার মিল ও কৃষিখামার আছে। কৃষি খাত থেকে ৩ লাখ ও ব্যবসা থেকে ২ লাখ ৭০ হাজার টাকা বার্ষিক আয় তাঁর। হাতে আছে ৫০ হাজার টাকা। ব্যাংকে জমা আছে ২ লাখ ৫০ হাজার টাকা। দুটি মাইক্রোবাস, ৫ ভরি স্বর্ণ ছাড়াও তাঁর আছে ৮০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও ১ লাখ টাকার আসবাব। স্থাবর সম্পদ কৃষিজমি ১৫ একর, যৌথ ২০ একর, আবাসিক দালান ৬ শতক, যৌথ ১ দশমিক ২০ একর জমি আছে। এ ছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিয়ানীবাজার শাখায় ২০ লাখ ও ইসলামী ব্যাংকে ১৫ লাখ টাকা দেনা আছে তাঁর। যৌথভাবে ঋণ আছে ৪৮ লাখ টাকার (অগ্রণী ব্যাংক)।

জমির হোসাইনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পাঁচটি মামলা আছে। মামলাগুলো বিচারাধীন এবং তিনি ‘জামিনপ্রাপ্ত’ বলে হলফনামায় লিখেছেন। শিক্ষাগত যোগ্যতা ‘কামিল’। ‘বর্তমানে ব্যবসা নেই’ বলে লিখেছেন। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ৪০ হাজার টাকা। হাতে আছে ৫০ হাজার টাকা। স্থাবর সম্পদ ও দায়দেনা নেই তাঁর।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা ‘বিএ’। তাঁর বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন। এ ছাড়া অতীতে তিনটি মামলার দুটিতে খালাস পেয়েছেন। একটি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।তিনি পেশায় গবাদিপশুর খামারের মালিক। বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা। হাতে আছে ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ব্যাংকে জমা আছে ৩০ হাজার টাকা। একটি প্রাইভেটকার ও একটি পিকআপ আছে তাঁর। বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া ৩০ ভরি স্বর্ণ আছে তাঁর। আসবাব ও ইলেকট্রনিকস সামগ্রীর দাম উল্লেখ করেননি তিনি। জাসদের প্রার্থী মো. শমশের আলম ‘বিএ’ পাস। ব্যবসা ‘ডিলারশিপ’। বার্ষিক আয় ১ লাখ ৭০ হাজার টাকা। হাতে আছে ১ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ। স্থাবর সম্পদ ৭ শতক জমি। ১ লাখ ৪০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও ২ লাখ ৫০ হাজার টাকার আসবাব আছে তাঁর। তাঁর বিরুদ্ধে মামলা নেই। ঋণও নেই।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আবদুস শুকুরের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তাঁর বিরুদ্ধে মামলা নেই। পেশা কৃষি। বার্ষিক আয় ২ লাখ টাকা। হাতে আছে ২ লাখ ৯০ হাজার টাকা। ব্যাংকে জমা ৫ হাজার টাকা। স্থাবর সম্পদ যৌথভাবে দশমিক ১১ একর অকৃষি জমি, কৃষিজমি ৩ দশমিক ৯৮ একর। তাঁর ঋণ নেই।

বিএনপির প্রার্থী মো. আবু নাসেরের শিক্ষাগত যোগ্যতা ‘বিএ’। পেশায় তিনি আমদানিকারক। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৫ লাখ ৫০ হাজার টাকা। হাতে আছে ৭০ হাজার ৪০০ টাকা। একটি গাড়ি ও ১০ ভরি স্বর্ণ আছে। ইলেকট্রনিক সামগ্রী আছে ২ লাখ ৭০ হাজার টাকার। আসবাব আছে ৩ লাখ ২০ হাজার টাকার। হলফনামায় স্থাবর সম্পদের উল্লেখ নেই। তাঁর বিরুদ্ধে মামলা নেই। ঋণও নেই।