সম্পর্কের বিরোধে তরুণ খুন!
চট্টগ্রামে এক তরুণকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ মাসুম (১৯)। গত সোমবার মধ্যরাতে নগরের খুলশীর ঝাউতলা বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজের কর্মচারী।
এক তরুণীর সঙ্গে সম্পর্কের জেরে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মাসুম বিহারি কলোনি এলাকার মো. জুলফিকারের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নিহত মাসুমের সঙ্গে এলাকার এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একই এলাকার কয়েকজন যুবক তা সহ্য করতে পারতেন না। এ নিয়ে মাসুমের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এর জেরে গত সোমবার রাতে ঝাউতলা স্টেশন এলাকায় দুপক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে তাঁরা মাসুমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের মা সোমা বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেছেন।
ওসি নাসির উদ্দিন আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে মামলার আসামি হাসান, রুবেল ও শাহীন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সম্পর্কের দ্বন্দ্বে মাসুমকে খুন করার কথা স্বীকার করেছেন।