ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাসের (৪৫) বিরুদ্ধে সমিতির
সাড়ে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সমিতির সভাপতিসহ ৩৫ জন সদস্য গত রোববার জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতি সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার ধর্মতীর্থ মৌজার বিল মোড়লগজারিয়া কুড়ি জলাশয়ে যৌথভাবে মৎস্য চাষের লক্ষ্যে তিন বছর আগে পাঁচ বছরের জন্য চুক্তি করে কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতি ও ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতি। গত তিন বছরের লভ্যাংশ হিসাবে পরিমল দাস গত ২ ডিসেম্বর ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দুর্গাচরণ দাসের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা নেন। এ সময় উভয় সমিতির লোকজনের উপস্থিতিতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ওই টাকা গ্রহণের চুক্তিপত্রও হয়। পরে পরিমল দাস ওই টাকা সমিতির নির্দিষ্ট হিসাব নম্বরে জমা না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে নিজ জিম্মায় রেখে দেন। তিনি এখন পর্যন্ত ওই টাকা তাঁর সমিতির লোকজনকে বুঝিয়ে দেননি।
কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নেপাল দাস অভিযোগ করে বলেন, ‘পরিমল দাস সমিতির সাড়ে ছয় লাখ ট্যাহা মাইরা দেওয়ার জন্যই হাতে রাইখা দিছে। অহন ট্যাহা চাইলে দেয় না, আমরা সব ট্যাহা ফেরত চাই, নইলে মামলা দিমু।’
পরিমল দাস সাড়ে ছয় লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি ওই টাকা নিজ জিম্মায় রাখার কথা স্বীকার করে বলেন, ‘ওই টাকা আমার। ওই টাকা সমিতির না। আমি ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সঙ্গে যে চুক্তি করেছিলাম, তা ছিল আমার ব্যক্তিগত চুক্তি।’
কিন্তু ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দুর্গাচরণ দাস বলেন, ‘তাঁর (পরিমল দাস) সঙ্গে আমার যে চুক্তি হয়েছে, তা দুটি সমিতির পক্ষ থেকেই হয়েছে। সে (পরিমল) টাকাও নিয়েছে সমিতির পক্ষ থেকে।’
জেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জেলা সমবায় কার্যালয় থেকে পরিমল দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’