খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে অর্থের বিনিময়ে ইউনিয়ন ও কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলা ছাত্রলীগের প্যাডে লেখা এক বিবৃতিতে সভাপতি এস এম বাহারুল ইসলামের বিরুদ্ধে ওই অভিযোগ করেন সাধারণ সম্পাদক জি এম মেজবাহ উদ্দীন।
বিবৃতিতে মেজবাহ উদ্দীন বলেন, গত সোমবার বাহারুল ইসলাম অর্থের বিনিময়ে নিজ স্বার্থ চরিতার্থ ও একক আধিপত্য বিস্তার করার জন্য তাঁর (মেজবাহ) সিল ও স্বাক্ষর জাল করে উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি কলেজ শাখায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। বিষয়টি বাহারুল জেলা কমিটিকেও জানাননি। তিনি (মেজবাহ) জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক; উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ওই জালিয়াতির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে বাহারুল ইসলাম মুঠোফোনে গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁর স্বাক্ষর জাল করিনি। আহ্বায়ক কমিটি করার জন্য আমরা অনেকবার বসেছি। পরে সবার অনুমতিতে কমিটি ঘোষণা দিয়েছি। জেলা কমিটিও বিষয়টি জানে। কিছু নেতার কাছে কমিটি পছন্দ না হওয়ায় এ রকম কথা বলা হচ্ছে। কমিটি ঘোষণার পর সম্পাদকের সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে। সম্পাদক আমাকে বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসীন রেজা তাঁকে স্বাক্ষর জাল করার অভিযোগ আনার জন্য চাপ দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।’ তবে বিষয়টি অস্বীকার করে মেজবাহ উদ্দীন বলেন, ‘বাহারুলের সঙ্গে এ ধরনের কোনো কথা আমার হয়নি।’
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, বাহারুল অর্থের বিনিময়ে আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছেন। সম্পাদকের স্বাক্ষর জাল করে কমিটি হয়েছে—এ রকম লিখিত অভিযোগ পেয়েছি। শিগগিরই আমরা বিষয়টির তদন্ত করব। সত্যতা মিললে সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’