সম্পৃক্ততার কথা অস্বীকার সাংসদ জগলুল হায়দারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘ হত্যা, চোরাচালান এবং ডাকাত দলগুলোকে অস্ত্র সরবরাহে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এস এম জগলুল হায়দার। সাতক্ষীরা প্রেসক্লাবে গতকাল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জগলুল হায়দার বলেন, প্রথম আলোতে ‘বাঘ হত্যা ও চোরাচালানে রাজনৈতিক প্রভাবশালীরা’ শীর্ষক প্রতিবেদনে ইন্টারপোলের বরাত দিয়ে বাঘ হত্যা ও ডাকাত দলগুলোকে অস্ত্র সরবরাহকারী হিসেবে ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তাঁর নাম দেখে তিনি খুবই বিস্মিত হয়েছেন।
ইন্টারপোলের প্রতিবেদন প্রত্যাখ্যান ও প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে জগলুল হায়দার বলেন, তিনি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সম্পদ ও বাঘসহ প্রাণিকুল রক্ষায় কাজ করে যাচ্ছেন। জলদস্যুদের বিপক্ষে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। অথচ তাঁর বিরোধী ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল এই মিথ্যা তথ্য সরবরাহ করে তাঁর ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, শ্যামনগর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হায়দার প্রমুখ।