সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম (৩৮) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হিংগারপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সাদুল্যাপুর উপজেলার নয়নপুর গ্রামের আবুল কাশেম মুন্সির ছেলে।
সাদুল্যাপুর থানার পুলিশ সূত্র জানায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে হিংগারপাড়া গ্রামসংলগ্ন পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করতেন। এবার তিনি রামনাথপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগিয়েছিলেন। প্রার্থী হিসেবে এলাকায় আগাম প্রচারণাও শুরু করেছিলেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার রবিউল ইসলাম মাদারপুর গ্রামের নানাবাড়ি থেকে প্রতিদিনের মতো বের হন। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। পরে স্থানীয় লোকজন গতকাল সকালে হিংগারপাড়া গ্রামের আবাদি জমিতে রোপণ করা ইউকেলিপটাসগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে সাদুল্যাপুর থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, নিহত ব্যক্তির ডান হাতে জখমসহ স্পর্শকাতর অঙ্গেও নির্মম নির্যাতনের চিহ্ন ছিল। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ গাছের সঙ্গে ঝুলিয়েছে বলে ধারাণা করা হচ্ছে। তবে এই শত্রুতা জমিজমা না রাজনৈতিক বিরোধসংক্রান্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে।