সম্ভাব্য প্রার্থী খুন, চার জেলায় আহত ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শান্তিহা ত্রিপুরাকে (৩৫) গত রোববার গভীর রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া আরও চার জেলায় প্রথম দফা নির্বাচনের আগের দিন গতকাল সোমবার সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ৪৩ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও অফিস থেকে পাঠানো খবর:
বান্দরবান: রুমা উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে গালেংগ্যা ইউনিয়নের রামদুপাড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয় শান্তিহা ত্রিপুরাকে। পুলিশ গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করেছে। হামলার সময় টারমেন ত্রিপুরা নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আরেকজন কর্মী পালিয়ে বেঁচেছেন বলে জানিয়েছেন স্থানীয় মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) ক্যসাউ মারমা। জেএসএসের জেলা সভাপতি উছোমং মারমা বলেন, শান্তিহা ত্রিপুরা আগে জেএসএসের উপজেলা কমিটির সদস্য ছিলেন। তিনি গালেংগ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা চেয়েছিলেন। এ ছাড়া আরও দুজন প্রার্থিতা চেয়েছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে পাঁচ-ছয়জনের একটি দল স্থানীয় টারমেন ত্রিপুরার বাড়িতে হানা দেয়। তিনি পালিয়ে বাঁচেন। তাঁকে না পেয়ে দুর্বৃত্তরা শান্তিহা ত্রিপুরার বাড়ি ঘিরে ফেলে এবং কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে কেরোসিন ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দিলে শান্তিহা বাড়ির ভেতর থেকে বের হন। সন্ত্রাসীরা তাঁকে মারধর করতে করতে পাড়ার পূর্ব দিকে এক কিলোমিটার দূরে নিয়ে গুলি করে হত্যা করে।
রুমা থানার ওসি শরীফুল ইসলাম বলেন, ‘হত্যার কারণ এখনো নিশ্চিত নয়। শান্তিহা ত্রিপুরা জেএসএস থেকে ইউপি নির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন বলে জানতে পেরেছি।’
পিরোজপুর: গতকাল দুপুরে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আশীষ কুমার বড়ালসহ ১০ জনকে কুপিয়ে জখম করেছেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকেরা। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী আশীষ কুমার বড়াল তাঁর সমর্থকদের নিয়ে দুপুরে আরামকাঠি গ্রামে যান। এ সময় জাতীয় পার্টির (জেপি) প্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকেরা তাঁদের হামলা চালান। আশীষ কুমারের ওপর হামলার ঘটনায় তাঁর সমর্থকেরা উপজেলার মাদ্রা এলাকায় তৌহিদুল ইসলামের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেন।
বরগুনা: আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে গতকাল দুপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম নুরুল হকের সমর্থকেরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১৫ জনকে আহত করেছেন।