ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা ‘জামায়াত-শিবিরের’ এজেন্টদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দিয়ে সম্মেলন থেকে ফেরার পর হামলার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা খালেদ হাসান ও তাঁর নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল ছুড়লেও তাঁরা বেঁচে যান। তবে হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে তিনি ও ছাত্রলীগের সাবেক নেতা ইকবাল হোসেন আহত হয়েছেন। হামলার সময় শুরুতে ‘জয় বাংলা’ এবং ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাজলা এলাকায় এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি হল শাখা ছাত্রলীগের সম্মেলন একসঙ্গে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান। সম্মেলন শেষে কয়েকজন অনুসারীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাজে কাজলা এলাকায় নিজ বাড়িতে যান খালেদ। বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন খালেদ হাসান, ইকবাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ছাত্রলীগকর্মী আরিফ ও নয়ন।
ওবায়দুর রহমান বলেন, এ সময় ২০-২৫ জন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে তাঁদের দিকে এগিয়ে আসে। এরপর নারায়ে তাকবির স্লোগান দিয়ে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, খালেদ হাসান সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের মধ্যে যদি কোনো এজেন্টের পরিচয় পাই, আমি খালেদ হাসান বলছি, আপনাদের কোনো ছাড় হবে না।’ অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ভেতরে থাকা একটি অংশের যোগসূত্র রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন খালেদ হাসান।
খালেদ হাসান বলেন, ‘হামলাকারীরা আমাকে লক্ষ্য করে দুটি ককটেল ও দুটি গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে আমার গায়ে লাগেনি।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলাম। এতে উদ্বোধক ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।