সম্মেলন নিয়ে মন্তব্য করায় ছাত্রলীগ নেতাকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের আসন্ন জাতীয় সম্মেলন নিয়ে গণমাধ্যমে মন্তব্য করায় ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক রাজেশ চন্দ্র সিংহ। এর কয়েক ঘণ্টা আগে তাঁকে ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
যোগাযোগ করা হলে রাজেশ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের কয়েকজন কর্মী তাঁর ওপর এ হামলা চালান। তবে তিনি তাঁদের কারও নাম বলতে পারেননি।
অভিযোগ অস্বীকার করে জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে রাজেশ মোটরসাইকেলে করে ক্যাম্পাস থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। তিনি টিএসসির সামনে পৌঁছালে ৮-১০ জন যুবক তাঁর পথ আটকান। এ সময় যুবকেরা ‘সম্মেলন নিয়ে উল্টাপাল্টা কথা বলিস’ বলেই তাঁকে মারধর শুরু করেন। পরে উপস্থিত লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।