সম্মেলনের দোহাই দিয়ে 'ছাত্রলীগের চাঁদাবাজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ২৮তম সম্মেলন ২৫ জুলাই। ওই সম্মেলনে যোগ দিতে ঢাকায় যেতে পরিবহন খরচের কথা বলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

ছাত্রলীগের নাম করে রংপুর নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তাদের কাছে এই চাঁদা দাবি করা হচ্ছে। অবশ্য এই চাঁদাবাজির সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। তাঁরা বলেছেন, সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে ছাত্রলীগের নামে একটি মহল চাঁদাবাজি করছে।

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাকন এক বিবৃতিতে বলেছেন, কোথাও চাঁদা চেয়ে ফোন করলে বা কেউ সশরীরে উপস্থিত হয়ে চাঁদা চাইলে তাঁদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি মেডিকেল কলেজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে মুঠোফোনে তাঁর কাছে ঢাকায় যেতে একটি মাইক্রোবাসের ভাড়া দাবি করা হয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে চাঁদা দেওয়া সম্ভব নয়। কোনো কল্যাণকর কাজ করা হলে তিনি আর্থিক সাহায্য করতে প্রস্তুত।

একজন ব্যবসায়ী বলেন, বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয়ে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছে।

জেলা খাদ্য অফিসের এক কর্মকর্তার অভিযোগ, ১২ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতির পরিচয় দিয়ে মুঠোফোনে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। তিনি বিষয়টি ছাত্রলীগ সভাপতিকে জানিয়েছেন।

ওই কর্মকর্তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদক কল করেন। পরিচয় দিয়ে কথা বলার পর জানা গেল, নম্বরটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ওরফে সনির। তিনি চাঁদা দাবির বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, ‘আসলে আমি চাঁদা দাবি করিনি। ইফতারের জন্য আমন্ত্রণ করতে কয়েকজন কর্মীকে তাঁর (খাদ্য কর্মকর্তা) কাছে পাঠিয়েছিলাম। আর ছাত্রলীগের পরিচয় দিয়ে ফোনে বলেছিলাম, আমি সনি বলছি। যদি সম্ভব হয়, তাহলে কিছু সাহায্য করার চেষ্টা করেন। উনি হয়তোবা সনিকে রনি শুনতে পেয়েছেন।’

যোগাযোগ করলে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবির ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ থেকে পরিত্রাণ পেতেই বিবৃতি দেওয়া হয়েছে।

চাঁদাবাজির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবীর বলেন, বিষয়টি তাঁকে ছাত্রলীগের সভাপতি জানিয়েছেন।