বাংলা বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ২৮ আগস্ট ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। গতকাল তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম এ কে এম মইন উদ্দিন সিদ্দিকী এই নতুন তারিখ ধার্য করেন। ২০১৫ সালে বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করে। তদন্তে কয়েকজন নারীকে যৌন হয়রানির বিষয়ে আট আসামিকে শনাক্ত করে পুলিশ। আসামিদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে মোট আট লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। গত ২৭ জানুয়ারি কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মামলাটি পুনরুজ্জীবিত করা হয় এবং অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।