সময় প্রকাশনের প্রকাশককে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


আজ রোববার সকালে মোবাইল ফোনের খুদেবার্তায় ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ফরিদ আহমেদ।


ফরিদ আহমেদ বলেন, ‘০১৭২১৪২৫০০৮ নম্বর থেকে ওই খুদেবার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, “নাস্তিকদের অনেক বই ছেপেছ তুমি। তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও।—আল আহরার, ইউকে।”’


ফরিদ আহমেদ বলেন, সকাল ৯টা ৩৮ মিনিটে তাঁর মোবাইল ফোনে খুদেবার্তাটি আসে। এ ব্যাপারে এখনো থানায় সাধারণ ডায়েরি করেননি তিনি। তবে খবর শুনে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে ফোন করেছেন। সূত্রাপুরে অবস্থিত তাঁর কার্যালয়ে পুলিশ গিয়েছিল। ওই সময় সেখানে তিনি ছিলেন না।


গতকাল শনিবার পৃথকভাবে দুজন প্রকাশকসহ চারজনের ওপর দুর্বৃত্তরা হামলা করে। এতে নিহত হন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন। আহত হন শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ ও কবি-ব্লগার তারেক রহিম এবং লেখক রণদীপম বসু। গতকাল ওই হামলার পর আজ সময় প্রকাশনের ফরিদ আহমেদ প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করলেন।