
রাজশাহী সিটি করপোরেশনের নালার প্রায় ২৮ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। সময় শেষ হয়ে যাওয়ার পরেও জমা পড়েছে চারটি দরপত্র। মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএ) ওই চারটি দরপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিটি করপোরেশন থেকে জানা গেছে, মাস খানেক আগে রাজশাহী নগরের ড্রেনের প্রায় ২৮ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। গতকাল মঙ্গলবার বেলা একটায় এই দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও চারটি দরপত্র জমা দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, মেয়রের ব্যক্তিগত সহকারী বিপ্লব এই দরপত্রগুলো ব্যবসায়ীদের হয়ে জমা দেন। কয়েকজন ঠিকাদার এর বিরোধিতা করে দরপত্রগুলো বাতিল করার দাবি তোলেন। তাঁরা বলেন, বিপ্লব পিয়নকে ভয়ভীতি দেখিয়ে দরপত্র ফেলেছেন। তাঁরা পিয়নের বক্তব্য রেকর্ড করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই চারটি দরপত্র নিয়ে সেখানে ব্যাপক তোড়জোড় শুরু হয়। বাক্স খোলার পরে জানা যায়, এই চারটি ছাড়াও মোট ৫৪টি দরপত্র জমা পড়েছে। এ সময় সেখানে গিয়ে দেখা যায়, ঠিকাদারদের তোপের মুখে প্রকৌশলীরা ওই চারটি দরপত্র আলাদা করে একজন পিয়নকে সেগুলো সরিয়ে রাখার নির্দেশ দেন। পিয়ন তখন দরপত্রগুলো আলাদা করে সরিয়ে রাখেন।
দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক সিটি করপোরেশনের সচিব এ কে এম মাসুদুজ্জামান বলেন ‘আমি বাইরে ছিলাম, এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
একইভাবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, দরপত্র মূল্যায়নের জন্য শেষ পর্যায়ে তাঁর কাছে দরপত্রগুলো আসবে। এখনো তাঁর কাছে আসেনি। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তিনি সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।
মেয়র মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনে যাননি। কী হয়েছে তিনি জানেন না।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, পরে জমা পড়া চারটি দরপত্র আলাদা করে রাখা হয়েছে। যাঁরা এর বিরোধিতা করেছিলেন, তাঁরাই পরে এগুলো নিতে বলেছেন। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি নিতে রাজি হয়নি।