সময়মতো মুক্তিপণ না দেওয়ায় নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্যাতিত জেলে আবদুল করিম
নির্যাতিত জেলে আবদুল করিম

নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ না দেওয়ায় বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা সাতক্ষীরার তিন জেলেকে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আবদুল করিম সানা, মো. সিরাজুল শেখ ও মো. শাহজাহান শেখ। এঁদের মধ্যে আবদুল করিমকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় আবদুল করিম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে তাঁরা তিনজন বৃহস্পতিবার সুন্দরবনের কাঠেশ্বর নদীতে কাঁকড়া ধরতে যান। শুক্রবার সকাল নয়টার দিকে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে। তাঁদের মুঠোফোন থেকে বনদস্যুরা স্বজনদের জানায়, শুক্রবার বিকেল চারটার মধ্যে প্রত্যেকের মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা করে দিতে হবে। কিন্তু তাঁদের স্বজনেরা ওই সময়ের মধ্যে টাকা জোগাড় করতে পারেননি। সন্ধ্যার পর দস্যুরা তাঁর (আবদুল করিম) মাথা ন্যাড়া করে বেঁধে রাখে। পরে লাঠি ও রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। একইভাবে মো. শাহজাহান শেখকেও মারধর করা হয়। সিরাজুল শেখের দুই হাত উঁচু করে বেঁধে রেখেছিল। শনিবার সকালে মুক্তিপণের টাকা পৌঁছে দেওয়ার পর দস্যুরা তাঁদের ফেলে চলে যায়। দুপুরে কাঠেশ্বর নদীর চর থেকে তাঁদের উদ্ধার করেন স্বজনেরা।