সয়াবিন দিয়ে চুলের তেল!
সয়াবিন তেল দিয়ে চুলের তেল তৈরি করে বাজারজাত করার দায়ে রাজধানীর কল্যাণপুরে একটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে ওই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। আজ বুধবার বেলা দুইটার দিকে এ অভিযান চলে।
র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল রাজধানীর কল্যাণপুরে বেস্ট কেমিক্যালস এন্ড ম্যানুফ্যাকচারিং নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখানে দেখা যায়, সয়াবিন তেলের সঙ্গে প্যারাফিন ওয়েল মিশিয়ে চুলের তেল হিসেবে প্যাকেটজাত করা হচ্ছিল। প্যাকেটের ওপর লেখা ‘রিলাক্স ন্যাচারাল হেয়ার অয়েল’। উপাদান হিসেবে লেখা হয়েছে ভেজিটেবল ওয়েল, মিনারেল ওয়েল, আমলা, কালোকেশ ও সূর্যমুখীসহ নানা প্রাকৃতিক উৎসের নাম। প্যাকেটে বলা হয়েছে, তেলটি মাথা ঠান্ডা রেখে মানসিক প্রশান্তি দান করে, মাথা ব্যথা দূর করে এবং চুল পড়া বন্ধ করে। প্যাকেটের ওপর বিএসটিআইয়ের নকল সিলও ব্যবহার করা হয়েছে।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক রুমি আকরাম র্যাবের কাছে দাবি করেন, তেলটি তাঁর নিজের উদ্ভাবিত। কোনো গবেষণাগার ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকার ব্যাপারে প্রশ্ন করা হলে মালিক কোনো সদুত্তর দিতে পারেননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাবের ওই ভ্রাম্যমাণ আদালত পরে মিরপুরে শাহআলী বাগের ভাগ্যকুল মিষ্টির কারখানায় অভিযান চালায়। সেখানে দেখা যায়, পান মিষ্টি তৈরি করার জন্য দুধের নষ্ট ও বাসি ছানা এবং বিভিন্ন মিষ্টির দোকান থেকে সংগৃহীত পুরোনো মিষ্টির রস ব্যবহার করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাধন ঘোষকে দেড় লাখ টাকা জরিমানা করেন আদালত। পরে প্রায় দুই মণ বাসি ছানা ও এক মণ মিষ্টি ধ্বংস করা হয়। এ ছাড়া একই এলাকায় ‘রসায়ন’ নামের একটি দোকানে বাসি ময়দা ও নষ্ট সবজি ব্যবহারের কারণে দোকানের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।