সরকার ৩০ হাজার কোটি টাকা লুট করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এখন পর্যন্ত ৩০ হাজার কোটি টাকা লুট করেছে। গত তিন মাসে ৯২ জন গুম, ১১২ জন অপহরণ ও ৩১০ জন খুন হয়েছে। সারা দেশকে অস্বস্তিকর কারাগারে পরিণত করা হয়েছে।
মির্জা ফখরুল গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে ফখরুল বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে বই ও ইতিহাস থেকে কথা বলায় তাদের গায়ে আগুন ধরে গেছে। তারেক রহমান ভুল বলে থাকলে বই নিয়ে এসে তা প্রমাণ করুন’।
তিনি আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের দায়িত্বশীলরা বলছে বিএনপির চামড়া তুলে ফেলবে, পা ভেঙে দেবে, গায়ে আগুন লাগিয়ে দেবে। ক্ষমতা ছেড়ে র্যাব ও পুলিশ ছাড়া আওয়ামী লীগকে মাঠে নামুন। এরপর দেখব কে কার পা ভেঙে দেয়।’
স্থানীয় আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
মির্জা ফখরুল বলেন, ‘৬৪-এর আন্দোলন, আইয়ুব খানের শাসন, হুসেইন মুহম্মদ এরশাদসহ সবারই পতন আমরা দেখেছি। ইতিহাস ভুলে যাবেন না।’ বিচার বিভাগ পুলিশের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঞা প্রমুখ বক্তব্য দেন।