সরকারদলীয় নেতারা লুট করছেন মেঘনার বালু?
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিন জায়গায় মেঘনার বালু লুট করা হচ্ছে। এক বছর ধরে সরকারদলীয় স্থানীয় নেতাদের নেতৃত্বে সশস্ত্র পাহারায় এই লুটপাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর আড়াইহাজারে একটি বালুমহাল ইজারা দেয় নারায়ণগঞ্জের জেলা প্রশাসন। নিজ কালাপাহাড়িয়া মৌজায় ডিকচরের ১৫ হেক্টরের বালুমহাল ইজারা নেয় কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপনের মালিকানাধীন মেসার্স ফারাজ ট্রেডিং। ইজারার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানান সাইফুল।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাপাহাড়িয়ার বিবিরকান্দি ও দয়াকান্দাসংলগ্ন মেঘনা নদী থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ফাইজুল হক ওরফে ডালিম ও ইউনিয়ন তরুণ লীগের নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে ১৫টি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। কদমীরচর গ্রামের নয়ারচর এলাকায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাত্তার সরকারের নেতৃত্বে পাঁচটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। তিন জায়গা থেকে প্রতিদিন ২৫-৩০ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে। এরপর এসব বালু বিক্রি করা হচ্ছে। বালু তোলার কারণে পার্শ্ববর্তী কদমীরচর, বিবিরকান্দি, দয়াকান্দা, মধ্যারচর, পূর্বকান্দি, বদলপুর, নয়াগাঁও, খাগকান্দা এলাকায় ব্যাপক ভাঙনের আশঙ্কা করছে মানুষ।
১৭ জুলাই সরেজমিনে দেখা যায়, কদমীরচরের নয়ারচর এলাকায় মেঘনা থেকে পাঁচটি ড্রেজার দিয়ে বালু তুলছেন শ্রমিকেরা। বালু তোলার স্থান থেকে প্রায় ৫০০ মিটার দূরে সশস্ত্র পাহারা দিচ্ছেন সাত-আটজন। আর বিবিরকান্দির উত্তর পাশে মেঘনা থেকে পাঁচটি এবং দয়াকান্দায় নদী থেকে আরও ১০টি ড্রেজার দিয়ে বালু তুলছেন শ্রমিকেরা। বিবিরকান্দি গ্রামের উত্তর পাশে নদীর তীরে ত্রিপল টানিয়ে সশস্ত্র পাহারা দিচ্ছেন ১০-১২ জন। পাহারার কাজে ব্যবহার করা হচ্ছে একাধিক স্পিডবোট।
খাগকান্দা ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘খাগকান্দা ও দয়াকান্দার পাশে মেঘনা থেকে ফাইজুল ও জয়নালের লোকজন অবৈধভাবে বালু তুলছেন। আমরা বাধা দিয়েছি। প্রশাসনকে বহুবার জানিয়েছি। লাভ হয়নি।’
কদমীরচর, বিবিরকান্দি এলাকার কয়েকজন বলেন, সাত্তার, জয়নাল ও ফাইজুল এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে নয়ারচর, বিবিরকান্দি ও দয়াকান্দা এলাকা থেকে বালু তুলছেন। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বালু তোলায় কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
ফাইজুল হক বলেন, ‘আমি তো এলাকায় আসি না, এলাকার ছোট ভাইয়েরা বিবিরকান্দি ও দয়াকান্দা এলাকা থেকে বালু তুলতাছে। জয়নাল আমার ছোট ভাই, এরা বালু তুলতাছে। নয়ারচরে সাত্তারও অবৈধভাবে বালু তুলতাছে।’ সশস্ত্র পাহারার কথা কৌশলে তিনি এড়িয়ে যান।
জয়নাল আবেদীন বলেন, ‘তিন-চার বছর আগের বালু তোলার বিষয়ে বাঞ্ছারামপুরের মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম আমার নামে অভিযোগ দিয়েছেন বলে জেনেছি। আমি আসলে এখন বালু তুলি না।’
সাত্তার সরকার বলেন, ‘আমি নয়ারচর এলাকায় চারটি ড্রেজার বসিয়ে বালু তুলছি। ফারাজ ট্রেডিংয়ের নামে আমি বালু উত্তোলন করছি। আমার এলাকায় কোনো সশস্ত্র পাহারা নেই। বিবিরকান্দি এলাকায় জয়নালের নেতৃত্বে সশস্ত্র পাহারায় বালু তোলা হচ্ছে।’ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘ফারাজ ট্রেডিংয়ের নামে অন্য কোথাও বালু তোলার সুযোগ নেই। আমি সাত্তারকে আমার লাইসেন্সে নয়ারচর এলাকা থেকে বালু তুলতে বলিনি। আমি ছাড়া সবাই অবৈধভাবে বালু তুলছে।’
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন বলেন, ‘এ বিষয়ে আড়াইহাজারের সহকারী কমিশনারের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। আমরা শুনেছি, এরা সশস্ত্র অবস্থায় বালু উত্তোলন করে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
আড়াইহাজারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, ‘ডিকচর নামে একটি বালুমহাল বাংলা ১৪২৪ সনের জন্য ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও তিনটি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকজন। এরা সশস্ত্র পাহারায় বালু তুলছে বলে আমরা জেনেছি। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে যোগাযোগ হয়েছে। আমরা কয়েকবার অভিযান চালিয়েছি, অভিযানের খবর আগেই ফাঁস হওয়ায় কাউকেই পাওয়া যায়নি। আবারও অভিযান চালানো হবে।’
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়ার মুঠোফোনে গতকাল মঙ্গলবার একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান প্রথম আলোকে বলেন, ‘মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কথা আমি শুনেছি। বালু উত্তোলন নিয়ে গোলাগুলির কথাও শোনা গেছে। তবে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’