সরকারবিরোধী প্রচারণার অভিযোগে পাঁচ ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ গত বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করা হয়৷
আটক ছাত্ররা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ইমরান আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের গোলাম মোস্তফা, বাংলা বিভাগের প্রথম বর্ষের ফিরোজ ও তৃতীয় বর্ষের হানিফ৷
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মোতালেব বলেন, আটক শিক্ষার্থীদের গ্রামের ঠিকানায় তাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ চলছে৷ এখনো তাঁদের থানায় রাখা হয়েছে৷ বিশ্ববিদ্যালয় বা হল প্রশাসন কোনো লিখিত অভিযোগ করেনি৷ তাঁদের ব্যাপারে রাতে সিদ্ধান্ত হবে৷
ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ‘ফেসবুকে জামায়াতের পক্ষে ও সরকারের বিপক্ষে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে হল প্রশাসন সাতজনের একটি তালিকা দিয়েছে৷ তাঁরা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত৷ ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ৷ তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় দেওয়া হয়েছে৷’