সরকারবিরোধী প্রচারপত্র : ছাপাখানা সিলগালা, আটক ৫
সরকারবিরোধী উসকানিমূলক প্রচারপত্র ছাপার দায়ে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একটি ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রচারপত্র ও পোস্টার জব্দ করেছে পুলিশ। এ সময় ছাপাখানাটি সিলগালা করার পাশাপাশি পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় সিলেট মহানগরের কোতোয়ালি থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
অভিযানসংশ্লিষ্ট পুলিশের দুজন কর্মকর্তা জানান, সিলগালা করা নগরের জিন্দাবাজার এলাকায় আল-মারজান শপিং সেন্টারের তৃতীয় তলার স্টার সিলেট অফসেট প্রেসটি জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ছিল। সেখান থেকে ছাপা হওয়া সরকারবিরোধী লিফলেট, পোস্টারসহ নানা ধরনের প্রচারপত্র দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়েছে।
একই সূত্র জানায়, অভিযানকালে ছাপাখানার ভেতর থেকে সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়। এ সময় ছাপাখানার মালিকসহ পাঁচজন কর্মীকে আটক করে পুলিশ। এঁরা হচ্ছেন ছাপাখানার মালিক সাঈদ বখত চৌধুরী, ছাপাখানার কর্মী সালমান আহমাদ, সুহেল আহমদ, মিসবাহ-উল করিম ও মনোয়ার।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ প্রথম আলোকে বলেন, সরকারবিরোধী উসকানিমূলক লিফলেট প্রকাশের অভিযোগ পেয়ে ছাপাখানায় অভিযান চালানো হয়। এ ছাপাখানা থেকে ছাপা হওয়া লিফলেট ও পোস্টার দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। তাই ছাপাখানাটি সিলগালা করার পাশাপাশি ছাপাখানার স্বত্বাধিকারীসহ পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।