সরকারবিরোধী প্রচারপত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল (কেপিএম) কয়লার ডিপো এলাকা থেকে গত শুক্রবার জামায়াত নেতাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামায়াতের নেতা লোকমান হোসেন (৪৫), কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন (২০), সপ্তম সেমিস্টারের ছাত্র ইলিয়াছ রাফি (২২) ও চতুর্থ বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, গত শুক্রবার দুপুরে ওই চারজনকে চন্দ্রঘোনা কলাবাগান ইসলামী পাঠাগার থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে বেশ কিছু জিহাদি বই ও সরকারবিরোধী প্রচারপত্র পাওয়া গেছে।
এ ব্যাপারে কাপ্তাই থানায় মামলা হয়েছে। তিনি জানান, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।