সরকারি অনুদানে পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন লঙ্ঘন করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সরকারি অনুদানে একটি এক একর আয়তনের পুকুর ভরাট করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রতারণার আশ্রয় নিয়ে পুকুরটি ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা থাকায় এলাকাবাসী পুকুর ভরাট বন্ধ করার দাবি জানিয়েছেন।
বানিয়াচং উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ-পূর্ব ইউপির চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান গত বছরের ১৪ নভেম্বর ২০১৩-৮১(২) স্মারকে পুকুর ভরাটের একটি প্রস্তাব উপজেলা পরিষদে পাঠান। চলতি বছরের ১৭ এপ্রিল উপজেলা পরিষদের সমন্বয় সভায় অনুমোদন হওয়ার পর প্রস্তাবটি পাঠানো হয় জেলা কমিটির বিশেষ সভায়। সেই সভায় ৩০ এপ্রিল প্রস্তাবটি অনুমোদন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ওই প্রস্তাবে তথ্য গোপন করেছেন। তিনি এক একর আয়তনের পুকুরকে ডোবা উল্লেখ করে শ্রেণি পরিবর্তন করেন। এ কারণে সভায় এ প্রস্তাবটি সহজে পাস হয়ে যায়। এ পুকুর ভরাট করতে ইউনিয়ন পরিষদকে ২০১২-১৩ অর্থবছরে কাজের বিনিময় খাদ্য (কাবিখা) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় ১২ টন চাল (তিন লাখ টাকা), ২০১৩-১৪ অর্থবছরে পুনরায় কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় দুই লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান তিন কিস্তিতে এক লাখ ৭৭ হাজার টাকা তোলেন। ওই টাকা দিয়েই পুকুর ভরাটের কাজ করা হয়েছে। অথচ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ ধারার ঙ উপধারায় উল্লেখ করা হয়েছে, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। তবে শর্ত থাকে যে জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে জলাধার-বিষয়ক বিধিনিষেধ শিথিল করা যাবে। কিন্তু ওই ইউপি চেয়ারম্যান পুকুরটি ভরাট করার জন্য কোনো ছাড়পত্রও নেননি।
গত ২৫ জুলাই সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে এ পুকুরের অবস্থান। ছোট ছোট ট্রাক্টরে করে মাটি এনে পুকুরে ফেলা হচ্ছে। ভরাটের কাজ করছেন শ্রমিকেরা। পুকুরের পাশে তিনটি বিদ্যালয়, একটি করে প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি খাদ্যগুদাম, ফায়ার সার্ভিস স্টেশন ও মসজিদ আছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন এ পুকুরে শতাধিক মানুষ গোসল করে। এ ছাড়া এখানে কাপড় ও থালা-বাসন ধোয়ারও কাজ করা হয়। এলাকার ব্যবসায়ী ফিরোজ মিয়া বলেন, ‘পুকুর ভরাট করে এখানে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড হবে বলে শুনেছি। এতে শব্দ ও পরিবেশদূষণ হওয়ায় এলাকার মানুষ দুর্ভোগ পোহাবে।সবচেয়ে বেশি সমস্যা হবে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের।’
দক্ষিণ-পূর্ব ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান দাবি করেন, পুকুরটি ভরাট নয়, তাঁরা পুকুরের ভাঙা পাড় সংস্কার করছেন। এখানে তাঁরা অটোরিকশার স্ট্যান্ড স্থাপন করতে চান। পাশাপাশি ইউনিয়ন পরিষদের আয় বাড়ানোর জন্য দোকানপাট নির্মাণ করে ভাড়া দেওয়ার পরিকল্পনা আছে তাঁদের। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ ভরাট কাজের অনুমোদন দিয়েছে। তিনি আরও দাবি করেন, ইউনিয়ন পরিষদের সব সদস্যের মাতামত নিয়েই কাজ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছেন কি না—জানতে চাইলে তিনি ছাড়পত্র না নেওয়ার কথা জানান।পুকুরকে ডোবা হিসেবে দেখিয়ে শ্রেণি পরিবর্তনের মাধ্যমে অনুমোদন নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনীর উদ্দিন বলেন, পুকুরটি ডোবা হিসেবে দেখিয়ে ওই ইউপির চেয়ারম্যান উপজেলা পরিষদের মাধ্যমে প্রকল্প অনুমোদন করিয়ে নিয়েছেন। এ পুকুর ভরাট করতে গিয়ে পরিবেশের ওপর প্রভাব পড়লে তার দায়দায়িত্ব ইউনিয়ন পরিষদের।